ফরিদপুরে ২৪ ঘণ্টায় তিন স্থানে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ চেষ্টা

প্রতীকী
এখন জনপদে
0

ফরিদপুর সদরের তিনটি স্থানে পেট্রোল বোমা ছুড়ে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত ২৪ ঘণ্টায় জেলার সদর উপজেলার অম্বিকাপুরের শোভারামপুর ইউপির অব্যবহারিত অফিস ভবন, গেদরা ইউনিয়নের বাখুন্ডা বাজারে বিএনপির ইউনিয়ন অফিস, বাখুন্ডা গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে অগ্নিসংযোগের চেষ্টা করে।

গেরদা ইউনিয়ন যুবদলের সাধারন মাসুদ হোসেন সাংবাদিকদের জানান, আজ (রোববার, ২২ নভেম্বর) ভোররাতে বাখুন্ডা বাজারে গেরদা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে দৃর্বৃত্তরা দুটি পেট্রোল হাতবোমা নিক্ষেপ করে। এতে অফিসে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা আগুন নিভাতে সক্ষম হয়। তিনি বলেন, ‘বিষয়টি পুলিশকে জানানো হলে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

গেরদা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ইউনিয়ন বিএনপি কার্যালয় এবং পাশেই গ্রামীণ ব্যাংকের একটি অফিসে দুর্বৃত্তরা রাতের আঁধারে পেট্রোল বোমা ছুড়ে অগ্নিসংযোগের চেষ্টা করে, বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি।’

এদিকে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের শোভারামপুর এলাকায় পরিত্যাক্ত বোর্ড অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

অম্বিকাপুর ইউপি চেয়ারম্যান নুরুল আলম জানান, অব্যবহৃত এইবোর্ড অফিসে রাতের আঁধারে কয়েকজন দুর্বৃত্ত পেট্রোল বোমা ছুড়ে আগুন দেয়ার চেষ্টা করে। এ ঘটনায় তেমন উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেন চেয়ারম্যান।

উল্লেখিত ঘটনা প্রসঙ্গে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ‘প্রত্যেকটি ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। এরইমধ্যে এক দুষ্কৃতিকারীকে আটক করতে সক্ষম হয়েছি আমরা। তবে উল্লেখিত ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।’

এএইচ