আজ ১৯ নভেম্বর, সঞ্জীব চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী। ২০০৭ সালের এই দিনে মাত্র ৪২ বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান তিনি। ২০০৭ থেকে ২০২৬; মাঝে পেরিয়ে গেছে ১৯টি বছর। অথচ বাংলা গানের শ্রোতাদের কাছে সঞ্জীব চৌধুরী এখনো সমান প্রাসঙ্গিক।
১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জের বানিয়াচংয়ের মাকালকান্দি গ্রামে জন্ম সঞ্জীব চৌধুরীর। নয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম। ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহ ছিল তার। পড়াশোনাতেও ছিলেন মেধাবী। ১৯৭৮ সালে নবকুমার ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক পরীক্ষায় মেধাতালিকায় দ্বাদশ স্থান অর্জন করেন। ১৯৮০ সালে ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ভর্তি হলেও পরে বিষয় পরিবর্তন করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে চলে আসেন। সেখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়জীবনে যুক্ত হন ছাত্র ইউনিয়নের রাজনীতিতে। এরশাদবিরোধী আন্দোলনেও সক্রিয় ছিলেন তিনি। সাংস্কৃতিক আন্দোলন ও সম্মিলিত সাংস্কৃতিক জোট গঠনেও তার ভূমিকা ছিল।
বিশ্ববিদ্যালয়জীবনে ‘শঙ্খচিল’ নামে একটি ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন সঞ্জীব। বন্ধুদের গান শোনাতেন, কবিতা পড়তেন। পড়াশোনা শেষে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। কাজ করেছেন দৈনিক আজকের কাগজ, ভোরের কাগজ ও যায়যায়দিনে। সাংবাদিক হিসেবেও প্রচলিত ধারার বাইরে গিয়ে নিজস্ব চিন্তা ও প্রকাশভঙ্গির পরিচয় দিয়েছেন তিনি। ফিচার সাংবাদিকতায় তার কাজ ছিল উল্লেখযোগ্য। সম্পাদনা করেছেন ‘রাশপ্রিন্ট’সহ বিভিন্ন প্রকাশনা।
তবে সংগীতজগতে তার সবচেয়ে বড় পরিচয় ব্যান্ড দলছুটের প্রতিষ্ঠাতা হিসেবে। ১৯৯৬ সালের নভেম্বরে বাপ্পা মজুমদারকে সঙ্গে নিয়ে দলছুট গঠন করেন তিনি। ১৯৯৭ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘আহ!’। অ্যালবামটির গানের কথা, শব্দের ব্যবহার ও বিষয়বৈচিত্র্য বাংলা ব্যান্ড সংগীতে নতুন মাত্রা যোগ করে।
দলছুটের সঙ্গে সঞ্জীবের সংগীতযাত্রা আরও বিস্তৃত হয় ২০০০ সালে প্রকাশিত ‘হৃদয়পুর’ অ্যালবামের মধ্য দিয়ে। এরপর ২০০২ সালে আসে ‘আকাশচুরি’। এসব অ্যালবামের ‘তোমাকেই বলে দেব’, ‘গাড়ি চলে না’, ‘বায়োস্কোপ’, ‘হৃদয়ের দাবি রাখো’, ‘সাদা ময়লা রঙিলা পালে’সহ একাধিক গান শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। তার একক অ্যালবাম ‘স্বপ্নবাজি’ও শ্রোতাদের কাছে সমাদৃত হয়।
সঞ্জীব চৌধুরীর গানের স্বাতন্ত্র্য ছিল কথায়, সুরে ও গায়কিতে। তার কণ্ঠ ছিল ভরাট, সহজিয়া; অনেকের কাছে যেন শহুরে বাউলের মতো। গানের প্রতিটি শব্দের স্পষ্ট উচ্চারণ এবং কথার গভীরতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। নাগরিক জীবনের নিঃসঙ্গতা, প্রেম, বিচ্ছেদ, প্রতিবাদ ও সাধারণ মানুষের অনুভূতি তার গানে পেয়েছে ভিন্ন মাত্রা।
লোকসংগীতের আধুনিক উপস্থাপনেও ছিল তার বিশেষ দক্ষতা। বাউল শাহ আবদুল করিমের ‘গাড়ি চলে না’, ‘কোন মেস্তরি নাও বানাইসে’ গানগুলো নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দলছুট। লোকজ সুরের সঙ্গে আধুনিক বাদ্যযন্ত্রের মেলবন্ধনে তৈরি হয় এক স্বতন্ত্র সংগীতধারা। পাশাপাশি ‘চল বুবাইজান’, ‘কালা পাখি’, ‘আন্তর্জাতিক ভিক্ষা সংগীত’ ও ‘ভাঁজ খোলো’র মতো গানেও তার নিরীক্ষাধর্মী চিন্তার পরিচয় পাওয়া যায়।
গানের পাশাপাশি সাহিত্যচর্চাও ছিল সঞ্জীবের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কবিতা, ছোটগল্প ও নাটকের স্ক্রিপ্ট লিখেছেন তিনি। বইমেলায় গলায় হারমোনিয়াম ঝুলিয়ে গান গাইতে গাইতে নিজের সম্পাদিত লিটল ম্যাগাজিন ‘মৈনাক’ বিক্রি করতেন। শিল্পকে তিনি কেবল বিনোদনের মাধ্যম হিসেবে দেখেননি; বরং মানুষের কথা বলা, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের ভেতরের সুপ্ত চেতনাকে জাগিয়ে তোলার হাতিয়ার হিসেবে বিবেচনা করতেন।
তার ঘনিষ্ঠজনদের স্মৃতিতেও উঠে এসেছে বহুমাত্রিক সঞ্জীবের গল্প। সংগীতসঙ্গী বাপ্পা মজুমদারের ভাষ্য অনুযায়ী, একটি সাংস্কৃতিক আয়োজনের জন্য যৌথভাবে আবহসংগীত তৈরি করতে গিয়েই তাদের সংগীতভাবনার মিল খুঁজে পান দুজন। সেই সূত্র ধরেই পরে গড়ে ওঠে দলছুট।
বাপ্পা মজুমদার বিভিন্ন স্মৃতিচারণায় বলেছেন, সঞ্জীব চৌধুরী গানের কথাকে বিশেষ গুরুত্ব দিতেন। তার কাছে একটি গানের মেরুদণ্ড ছিল তার লিরিক। ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’, ‘স্বপ্নবাজি’ কিংবা ‘সমুদ্রসন্তান’-এর মতো গানে সেই কাব্যিক ভাবনার পরিচয় পাওয়া যায়।
কবি কামরুজ্জামান কামুর গীতিকবি হিসেবে যাত্রা শুরু হওয়ার পেছনেও ছিল সঞ্জীবের উৎসাহ। ‘আকাশচুরি’ অ্যালবামের জন্য কামুর লেখা ‘বায়োস্কোপ’ ও ‘হৃদয়ের দাবি রাখো’ গান দুটি নির্বাচন করেছিলেন তিনি। পরবর্তী সময়ে গান দুটি শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।
সঞ্জীবের বিশ্ববিদ্যালয়জীবনের সহপাঠী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক খান স্মৃতিচারণায় জানিয়েছেন, সঞ্জীব শুধু সংগীতশিল্পী ছিলেন না, সাংবাদিক হিসেবেও ছিলেন অসাধারণ। তার মতে, সঞ্জীবের কাছে গান নিছক বিনোদন ছিল না; মানুষের প্রতি অন্যায় ও বঞ্চনার কথা তুলে ধরার মাধ্যম ছিল এটি। অল্প বয়সে তার চলে যাওয়া সংগীতের পাশাপাশি সাংবাদিকতার জগতেরও অপূরণীয় ক্ষতি।
ফরহাদ মজহারের লেখা ‘এই নষ্ট শহরে’ গানটির সঙ্গেও জড়িয়ে আছে সঞ্জীবের স্মৃতি। এরশাদবিরোধী আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের সামনে ফরহাদ মজহার গানটি গাইছিলেন। সঞ্জীব গানটি শুনে মুগ্ধ হন এবং তার কাছে আরও গান চান। পরবর্তী সময়ে গানটি সঞ্জীবের কণ্ঠে শ্রোতাদের কাছে পরিচিতি পায়।
সঞ্জীব চৌধুরীর গাওয়া ‘আমি তোমাকেই বলে দেব’, ‘এই নষ্ট শহরে’, ‘রিকশা কেন আস্তে চলে না’, ‘ভাল্লাগেনা’, ‘গিটার’, ‘আহ ইয়াসমিন’, ‘কালা পাখি’, ‘দুঃখ ব্যথায় মুখটা যে নীল’সহ অসংখ্য গান এখনো শ্রোতাদের প্রিয় তালিকায় রয়েছে। নতুন প্রজন্মের শিল্পী ও শ্রোতারাও তার গান শুনছেন, গাইছেন। মৃত্যুর ১৯ বছর পরও তার গান ঘিরে এই আগ্রহই প্রমাণ করে, সময়ের সঙ্গে সঞ্জীবের আবেদন ফুরিয়ে যায়নি।
জীবনের নানা বাঁকে নিজের পরিচয় বদলেছেন সঞ্জীব। গণিত থেকে সাংবাদিকতা, সাংবাদিকতা থেকে সংগীত; কোনো একটি পরিচয়ের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। প্রচলিত কাঠামোর বাইরে গিয়ে নিজের মতো করে ভাবা ও কাজ করার যে প্রবণতা ছিল তার, সেটিই তাকে করে তুলেছিল ব্যতিক্রমী।
মৃত্যুর মধ্য দিয়ে তার শারীরিক উপস্থিতির অবসান ঘটেছে; কিন্তু গান, লেখা ও শিল্পদর্শনের মধ্য দিয়ে তিনি এখনো বেঁচে আছেন। বাংলা গানের ভুবনে নতুন শব্দ, নতুন ভাবনা ও সংগীতের নিরীক্ষায় সঞ্জীব চৌধুরীর যে অবদান, তা তাকে দীর্ঘদিন স্মরণীয় করে রাখবে। ১৯ বছর পরও তাই ‘এই নষ্ট শহরে’ই আছেন সঞ্জীব চৌধুরী গানে, কথায় আর অসংখ্য শ্রোতার ভালোবাসায়।





