গ্রেফতারকৃতরা হলো একাটুনা ইউনিয়নের কোজারগাঁও গ্রামের আছকান মিয়া (২৭), বড়বাড়ি সোনাপুর গ্রামের আমিন আলী (৪৫), সিংকাপন গ্রামের সোহেল মিয়া (৩২) এবং মোস্তফাপুর গ্রামের আব্দুল মোসাব্বির (২৮)। এদের মধ্যে আছকান, আমিন ও সোহেল হত্যাকাণ্ডে জড়িত এবং মোসাব্বির চোরাই ব্যাটারি ক্রয়ের অভিযোগে গ্রেফতার হয়েছেন।
পুলিশ জানায়, গত ১৭ নভেম্বর দুপুর আনুমানিক ১২টায় মৌলভীবাজার পৌরসভার বড়বাড়ি সোনাপুর এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহের পরিচয় শনাক্ত করে জানা যায়, নিহত হাবিবুর রহমান (১৮) মৌলভীবাজার সদর উপজেলার শিমুলতলা বাজার এলাকার বাসিন্দা এবং পেশায় একজন অটোরিকশাচালক। তিনি গত ১৬ নভেম্বর সকাল থেকে অটোরিকশাসহ নিখোঁজ ছিলেন।
তদন্তের একপর্যায়ে বড়বাড়ি এলাকা থেকে নিহতের অটোরিকশাটি ব্যাটারি ছাড়া উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আছকান মিয়া (২৭), আমিন আলী (৪৫) ও সোহেল মিয়া (৩২) নামে তিনজনকে মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পৌরসভার বড়হাট এলাকার আবিদা স্টোর নামক ব্যাটারির দোকান থেকে নিহতের অটোরিকশার চারটি ব্যাটারি উদ্ধার করা হয়। পরে ওই ব্যাটারি ক্রয়ের অভিযোগে দোকানি মোসাব্বিরকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, যাত্রীবেশে আছকান হাবিবুরের অটোরিকশা ভাড়া করে আমিনের বাড়িতে নিয়ে যায়। সেখানে আছকান, আমিন ও সোহেল মিলে তাঁকে হত্যা করে। পরে মরদেহ আমিনের বাড়ির পাশে ছড়ার পাড়ে ঝোপে ফেলে রাখা হয়।
হত্যার পর সোহেল ও আছকান নিহতের অটোরিকশার চারটি ব্যাটারি বড়হাট এলাকার আবিদা স্টোরে ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করে। ওই ব্যাটারি ক্রয়ের অভিযোগে দোকানি আব্দুল মোসাব্বিরকে গ্রেপ্তার করা হয়। তার দোকান থেকে ব্যাটারিগুলো উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিহতের অটোরিকশাটি ব্যাটারিবিহীন অবস্থায় বড়বাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।





