দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ আজ

বাজেট ২০২৬-২৭
দেশে এখন
অর্থনীতি
1

নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও ভঙ্গুর অর্থনীতি ঠিক করার প্রতিশ্রুতি নিয়ে দেশের ইতিহাসের বড় বাজেট পেশ করতে যাচ্ছে বিএনপি সরকার। ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেটের ঘাটতি পূরণে শেষ পর্যন্ত ঋণ-নির্ভরই থাকতে হবে সরকারকে। তবে, সরকার বলছে, অর্থনৈতিক সুযোগ সুবিধা বৃহত্তর গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দেয়ার লক্ষ্য তাদের।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের প্রথম বাজেটের দিকে চোখ সবার। সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ধারণা করা যায়, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বড় আকারের সম্ভাব্য বাজেটের জোর দেয়া হচ্ছে অর্থনৈতিক গণতন্ত্রণায়নের দিকে। যেখানে অর্থনৈতিক সুযোগ সুবিধা কয়েকটি গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না রেখে বৃহত্তর গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দেয়ার লক্ষ্য।

সম্ভাব্য বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা এবং সামগ্রিক বাজেট ঘাটতি থাকতে পারে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সাড়ে ৬ শতাংশ এবং মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে বেধে রাখার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য রাখা হচ্ছে প্রায় ৩ লাখ কোটি টাকা বরাদ্দ।

আরও পড়ুন:

২০২৬-২৭ অর্থবছরে উন্নয়ন ও অনুন্নয়ন খাতের ব্যয় মেটাতে বাজেটের ঘাটতি পূরণে বিদেশি উৎস ঋণ ও অনুদান থেকে নেয়া হবে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা ও অভ্যন্তরীণ উৎস থেকে নেয়া হবে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা। এরমধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেয়া হবে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ও সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে নেয়া হবে ১৫ হাজার কোটি টাকা।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে অভ্যন্তরীণ ঋণ সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২৫ হাজার কোটি টাকা। কিন্তু রাজস্ব আদায়ের ধীরগতি এবং ব্যয় নির্বাহের চাপ সামাল দিতে গিয়ে সংশোধিত বাজেটে সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা করা হয়। আগামী অর্থবছরে অভ্যন্তরীণ ঋণের লক্ষ্যমাত্রা কিছুটা কমিয়ে নির্ধারণ করা হচ্ছে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা। তবে রাজস্ব চাপ সামাল দিতে গিয়ে ব্যাংক থেকে পরবর্তীতে আরও ঋণ বাড়িয়ে নিতে পারে সরকার।

অভ্যন্তরীণ ও বিদেশি এসব ঋণ বাবদ সরকারকে সুদ পরিশোধ করতে হবে। চলতি অর্থবছরে সরকারকে ঋণ বাবদ এক লাখ ২২ হাজার কোটি টাকার মতো সুদ পরিশোধ করতে হয়েছে।

প্রস্তাবিত নতুন বাজেট জাতীয় সংসদে পাশ হওয়ার পর কার্যকর হবে জুলাই মাস থেকে।

ইএ