কর্মসংস্থান সৃষ্টি ও পর্যটন বাজেটে হতাশ সিলেটের ব্যবসায়ীরা

চা বাগান
এখন জনপদে
অর্থনীতি
0

প্রতি বছরই বাজেট প্রকাশের পর বাজেট ঘিরে প্রতিটি অঞ্চলেই থাকে নিজস্ব ভাবনা। ব্যতিক্রম নয় এবারো, বিশেষ করে পর্যটন সমৃদ্ধ সিলেট বিভাগে পর্যটন অবকাঠামোর উন্নয়ন এবং তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টিই থাকে মূল দাবি। যদিও এবারের বাজেটে পর্যটন খাতে যে বরাদ্দ হয়েছে- তা নিয়ে কিছুটা হতাশ স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। তবে তাদের মতে, এ খাতে বাজেটের বরাদ্দের সঠিক ও পরিকল্পিত ব্যবহারই বদলে দিতে পারে এ খাতের চিত্র।

সবুজে ঘেরা পাহাড় আর হাওরবেষ্টিত সিলেট বাংলাদেশের পর্যটনের অন্যতম প্রাণকেন্দ্র। নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা এই সিলেটে পর্যটন খাতের যাত্রা এখন কিছুটা পথহারা। অপরিকল্পিত উন্নয়ন, পর্যটন কেন্দ্রগুলোতে নিরাপত্তা ও আবাসন সংকটের পাশাপাশি সাম্প্রতিক সময়ে অবকাঠামোগত সীমাবদ্ধতা আর সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে কাঙ্ক্ষিত সুফল মিলছে না এখনো। তবে বাজেটকে ঘিরে এ খাতের ব্যবসায়ীরা নতুন স্বপ্ন দেখলেও বাজেট প্রকাশের পর বাজেটে পর্যটন খাতে যে বরাদ্দ রাখা হয়েছে, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

সিলেট মেট্টোপলিটন চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আব্দুল জলিল বলেন, ‘আসলে প্রতি বছরই বাজেটের সাথে কিছু বরাদ্দ আসে পর্যটন খাতের দিক। কিন্তু এটা পর্যাপ্ত নয়। আমি মনে করি এটা সাফিসিয়েন্ট নয়।’

সিলেট দ্যা সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমত বলেন, ‘বিদেশি, বিশেষ করে এনআরবি যারা আছেন এখানে পর্যটনে ইনভেস্ট করতেছে— হোটেল, মোটেল, রিসোর্ট এগুলাতে। তো এটা আরও বাড়ায় দিলে আমাদের পর্যটন শিল্পের বিকাশ ঘটবে।’

সিলেটের অর্থনীতির একটি বিশাল অংশ জুড়ে রয়েছে তরুণ প্রজন্ম। জেলায় তেমন কোনো ভারি শিল্পপ্রতিষ্ঠান না থাকায় কর্মসংস্থানের সংকট প্রকট। তাই এবারের বাজেটকে ঘিরে তাদের প্রত্যাশা ছিলো অতীতের দুঃখ ঘোচানোর। যদিও আশার আলো দেখাচ্ছে ইন্টারনেটভিত্তিক কনটেন্ট ক্রিয়েশন। তরুণদের এ সম্ভাবনাকে গুরুত্ব দেয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তারা। তবে কর্মসংস্থান, দক্ষ জনবল তৈরির পাশাপাশি অঞ্চল খাতের বরাদ্দের উপর জোর দিয়েছেন তারা।

স্থানীয় একজন তরুণ বলেন, ‘তরুণদের জন্য কিছু সরকার ভাবুক, একটা বিশেষ একটা বাজেট থাকুক তাদের কর্মসংস্থানের জন্য।’

পর্যটন খাতের আধুনিকায়ন এবং তরুণদের দক্ষতা বৃদ্ধির সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে সিলেট হতে পারে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। স্থানীয়রা মনে করেন, সরকারের শুধু বাজেট ঘোষণা নয় বরং পরবর্তী সময়ে তার সঠিক বাস্তবায়নের করলেই পর্যটন ও তরুণ প্রজন্মের ভাগ্য বদলের হাতিয়ার হবে এ বাজেট।

জেআর