আন্তর্জাতিক বাজারে তিন মাসের সর্বনিম্নে স্বর্ণের দর, দেশেও ভরিতে কমলো দাম

যুক্তরাজ্যের লন্ডনের হ্যাটন গার্ডেনে বেয়ার্ড অ্যান্ড কো প্রতিষ্ঠানে স্তূপ করে রাখা স্বর্ণের বার
বিদেশে এখন
অর্থনীতি
1

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি বৃদ্ধির শঙ্কা এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার কমানো নিয়ে অনিশ্চয়তায় স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। আন্তর্জাতিক বাজারের এ নিম্নমুখী প্রবণতার মধ্যে দেশের বাজারেও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯২ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৩৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ (শুক্রবার, ২৩ অক্টোবর) বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম কিছুটা বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৬ দশমিক ১৫ ডলারে ওঠে। তবে দিনের শুরুতে লেনদেনের একপর্যায়ে তা ৩ হাজার ৯৮৬ দশমিক ৫০ ডলারে নেমে গিয়েছিল, যা গত ২০ জুলাইয়ের পর বা তিন মাসের মধ্যে সর্বনিম্ন দর। চলতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় সাড়ে তিন শতাংশ কমেছে, যা গত জুনের পর পণ্যটির সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।

সৌদি আরবে হুথিদের হামলার পর জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কায় বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম পাঁচ মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছায়। তেলের দাম বাড়লে মূল্যস্ফীতি বাড়তে পারে, এমন আশঙ্কায় ফেডারেল রিজার্ভের দ্রুত সুদের হার কমানোর সম্ভাবনা নিয়ে বাজারে সংশয় তৈরি হয়েছে। ক্যাপিটাল ইকোনমিকসের জলবায়ু ও পণ্য অর্থনীতিবিদ হামাদ হুসাইন বলেন, ‘তেলের দাম বাড়ার কারণে দীর্ঘদিন পর্যন্ত প্রকৃত সুদের হার উচ্চ থাকতে পারে, যা স্বর্ণে বিনিয়োগ ও তা ধরে রাখার আপেক্ষিক আকর্ষণ কমিয়ে দেয়।’ স্বর্ণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রুপা, প্যালাডিয়াম ও প্ল্যাটিনামের দামও উল্লেখযোগ্য হারে কমেছে।

এদিকে স্থানীয় বাজারে দাম সমন্বয়ের বিষয়ে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন মূল্য অনুযায়ী দেশের বাজারে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৫ হাজার ৬৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।

বাজুস জানিয়েছে, অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট অন্তর্ভুক্ত থাকলেও নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে যোগ হবে। তবে স্বর্ণের দামের বাইরে অতিরিক্ত কোনো ভ্যাট ক্রেতাদের কাছ থেকে আদায় করা যাবে না।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ১২৪ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এর মধ্যে ৬০ বার দাম বাড়ানো হয়েছে, ৬৩ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সংক্রান্ত সমন্বয় করা হয়েছে। স্বর্ণের সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এখন ৪ হাজার ২৪ টাকা।

এএম