রিক্রুটিং এজেন্সির দৌরাত্ম্যে সিঙ্গাপুরের শ্রমবাজারে বাড়ছে অভিবাসন ব্যয়

প্রবাসী কল্যাণ ভবন, প্রশিক্ষণ কেন্দ্র
প্রবাস , বিশেষ প্রতিবেদন
দেশে এখন
0

বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার সিঙ্গাপুর। পাঁচ দশকে দেশটিতে পাড়ি জমিয়েছেন ১১ লাখের বেশি কর্মী। অথচ একসময় দুই থেকে পাঁচ লাখ টাকায় সম্ভব হলেও এখন সিঙ্গাপুর যেতে গুনতে হচ্ছে ১৫ লাখ টাকারও বেশি। অভিযোগ, নির্দিষ্ট কয়েকটি রিক্রুটিং এজেন্সির নিয়ন্ত্রণ, প্রশিক্ষণ বাণিজ্য আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে জিম্মি হয়ে পড়েছেন বিদেশগামীরা। বিএমইটির শীর্ষ কর্মী পাঠানো তিন এজেন্সির কার্যক্রম অনুসন্ধান করতে গিয়ে মিলেছে অস্তিত্বহীন কার্যালয়সহ নানা অসংগতি। প্রশ্ন উঠছে, রাষ্ট্রীয় অনুমোদন নিয়ে কারা নিয়ন্ত্রণ করছে এই শ্রমবাজার?

ভারত ও চীনের পাশাপাশি সিঙ্গাপুরের নির্মাণ খাতের প্রধান চালিকাশক্তি বাংলাদেশি কর্মী। দেশটিতে প্রায় দেড় লাখ বাংলাদেশি কর্মী রয়েছেন। তবে নতুনদের ক্ষেত্রে সিঙ্গাপুরের ভবন ও নির্মাণ কর্তৃপক্ষের অনুমোদন, প্রশিক্ষণ ও দক্ষতা পরীক্ষায় পাশ করার বাধ্যবাধকতা থাকায় কর্মীরা ছুটছেন বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে।

নির্মাণ ও শিল্প খাতে কর্মীদের প্রশিক্ষিত করতে ২০২৫ সালে পাঁচটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেয় সিঙ্গাপুর। তাদের অধীনে কাজ করছে বাংলাদেশের পাঁচটি প্রতিষ্ঠান। অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর অনুকূলে কর্মী পাঠায় মোট নয়টি রিক্রুটিং এজেন্সি।

তবে অনুমোদিত প্রতিষ্ঠানের বাইরেও অসংখ্য নামসর্বস্ব প্রতিষ্ঠান গড়ে তুলেছে বিশাল প্রশিক্ষণ বাণিজ্য।

সিঙ্গাপুরে যাওয়ার স্বপ্ন নিয়ে প্রতিদিন গ্রামগঞ্জ থেকে হাজারো তরুণ ছুটছে আশুলিয়া, সাভার ও গাজীপুরে। অভিযোগ আছে, বিদেশগামীদের টার্গেট করে এসব অঞ্চলে গড়ে উঠেছে অসংখ্য প্রশিক্ষণ কেন্দ্র। এখন টিভি প্রতিনিধি দল দেখতে চায় এসব প্রশিক্ষণ কেন্দ্রের বাস্তব চিত্র।

আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকার মোল্লা মার্কেটে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল স্কিল ট্রেনিং সেন্টারে প্রবেশ করতেই দেখা যায় সারিবদ্ধ কয়েকটি ছোট ছোট খাট। আছে কিছু নিম্নমানের প্রশিক্ষণ সামগ্রী।

কয়েকশ গজের মধ্যেই সন্ধান পাওয়া গেল শাহপরান নামের আরেকটি প্রশিক্ষণ কেন্দ্রের। সাংবাদিক পরিচয় জেনে সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেয়া হয় মূল গেট। পরে কেন্দ্রের ভেতরে ঢুকে দেখা যায় বেশ কিছু তরুণ বিভিন্ন প্রশিক্ষণে নিয়োজিত।

মালয়েশিয়া, দুবাই এ ধরনের নাই?—এমন প্রশ্ন করা হলে জানায়, কেউ নেই, মালয়েশিয়া, দুবাই না, সবাই সিঙ্গাপুর যাবে।

অথচ সিঙ্গাপুর সরকারের অনুমোদনই নেই এসব প্রশিক্ষণ কেন্দ্রের। প্রতিষ্ঠানের কর্মকর্তা জানান, ৩৫ হাজার টাকায় ভর্তি হন একজন শিক্ষার্থী।

শাহপরান ড্রিম টাচ ওভারসিজের ব্যবস্থাপনা অংশীদার খালেদ হোসেন বলেন, ‘আমি যদি ১০ হাজার, ৫০ হাজার খরচ হলে আমি ৬০ হাজার নেবো। তাহলে আমার ১০ হাজার করে যদি খরচ যায়, আমি ১০০ জন করালে আমার ১০ লাখ ইনকাম হবে। ’

শাহপরান থেকে বেরিয়ে স্বল্প দূরত্বে পাওয়া গেল আরেকটি প্রশিক্ষণ কেন্দ্র। খুলনার রাসেল শেখ সিঙ্গাপুর যেতে সাড়ে ১৫ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়েছে এই প্রতিষ্ঠানের সঙ্গে। তবে অতিরিক্ত টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করলেন এখানকার প্রশিক্ষক মুক্তি মিয়া।

আরও পড়ুন:

এবার গন্তব্য জিরাবো এলাকার ইউনিক ভোকেশনাল ট্রেনিং সেন্টারে। সেখানে বাধা আসে ঢুকতে গেলে।

এখন টিভির দল এবার যেতে চায় সিঙ্গাপুরের জন্য অনুমোদিত রিক্রুটিং এজেন্সিগুলোর কাছে। গুলশানে সাউথ পয়েন্টের প্রধান কার্যালয়ে গেলে দেখা যায় কয়েকজন প্রতারিত যুবক আগে থেকেই হট্টগোল করছেন সেখানে। তাদের দাবি, প্রতিষ্ঠানটির লিয়াঁজো কর্মকর্তা সুমন খানের প্রতারণার শিকার তারা।

তবে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে দুই থেকে চার লাখ টাকা নেয়ার কথা স্বীকার করেন আরেক কর্মকর্তা শাহনাজ শিলা।

দুর্নীতি বন্ধে অদক্ষ কর্মী পাঠানোর সঙ্গে জড়িতদের নিয়ন্ত্রণ করার পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের।

অভিবাসন বিশেষজ্ঞ শরিফুল হাসান বলেন, ‘সিঙ্গাপুরের এবং বাংলাদেশ সরকারের দেখা উচিত যে এই কর্মীরা কে যাচ্ছে, কারা যাচ্ছে, কোন প্রক্রিয়ায় যাচ্ছে, তাদের খরচ কত হচ্ছে, এই সংকটটা আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব।’

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন, সিঙ্গাপুরের অভিবাসন ব্যয় তিন লাখে সীমাবদ্ধ রাখা সম্ভব। কম খরচে কর্মী পাঠাতে সরকার জিটুজি চুক্তি নিয়ে কাজ করছে।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, ‘আমরা চেষ্টা করছি যে, জিটুজি এগ্রিমেন্টটাকে যতখানি সম্প্রসারণ করা যায়, যে বিভিন্ন দেশের সাথে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি করলে আমরা বোয়েসেলের মাধ্যমে পাঠাতে পারবো।’

কার্যকর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত না হলে সিঙ্গাপুরে কর্মসংস্থানের স্বপ্নে সর্বস্বান্ত হওয়ার ঝুঁকি বাড়বে হাজারো তরুণের।

এসএস