জাবিতে র‍্যাগিং: ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাস
শিক্ষা
0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পৃথক দুটি র‍্যাগিংয়ের ঘটনায় পদার্থবিজ্ঞান ও ইতিহাস বিভাগের ২০ শিক্ষার্থীকে মোট ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জরিমানা পরিশোধ না হওয়া পর্যন্ত তাদের চলমান ও পরবর্তী নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ স্থগিত করা হয়েছে।

আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়। গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ডিসিপ্লিন বোর্ডের সুপারিশ পর্যালোচনা করে অভিযুক্তদের এই শাস্তি দেয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়, গত ২০ জুলাই দিবাগত রাত ১০টা থেকে ভোর ৩টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪ তম আবর্তনের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের ৫৫ তম আবর্তনের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) কয়েকজন শিক্ষার্থীকে র‌্যাগ দেন। শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের পশ্চিম পাশে (মনপুরা) এ ঘটনা ঘটে। সেখানে ভুক্তভোগীদের বিভিন্নভাবে অমানবিক নির্যাতন, অকথ্য ভাষায় গালাগাল এবং কান ধরিয়ে উঠবস করানোর অভিযোগ ওঠে।

এ ঘটনায় পদার্থবিজ্ঞান বিভাগের আট শিক্ষার্থীকে ৩৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। ঐ আট শিক্ষার্থীর মধ্যে মো. জাহিদ হাসান, মো. ফজলে হাসান ফাহাদ, সৈয়দ সাকিব আহমেদ রাতুল এবং মো. আল-আমিন হোসাইনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এছাড়া মো. মাহমুদুল আমিন সিয়াম ও মো. মোস্তাফিজুর রহমান মিজু কে ৪৫ হাজার টাকা, মো. ফয়সাল আহমেদকে ৪০ হাজার টাকা, মো. মাহমুদুল হাসান খান আকিবকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনায় মোট জরিমানা করা হয়েছে ৩ লাখ ৬৫ হাজার টাকা।

আরও পড়ুন:

অন্যদিকে, গত ৩ জুলাই দিবাগত রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত ইতিহাস বিভাগের ৫৪ তম আবর্তনের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে একই বিভাগের ৫৫ তম আবর্তনের ১৩ জন শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাদের অকথ্য ভাষায় গালাগাল, কান ধরানো এবং ম্যানার শেখানোর নামে র‍্যাগ দেওয়া হয় বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থীকে ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। তাদের মধ্যে মো. আবু আবতাহী অনিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নাছিম উদ্দিন মজুমদার, মো. মাহফুজুর রহমান অন্ত, আব্দুল্লাহ মাহদী, শুভাশীষ রায় প্রান্ত, মো. রায়হান খান, মো. নাঈমুল হাসান, মো. ইসফাক হাদী, নাঈম আহমেদ সজিব, কার্তিক চন্দ্র রায়, কাজী শাহ জামশেদ আলম নাবিল ও সাইফুল্লাহ মানসুর আনানকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ঘটনায় মোট জরিমানা হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা।

অফিস আদেশে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ধারা ৩(২)(ঘ) অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীদের জরিমানা করা হয়েছে।

জরিমানা পরিশোধ না করা পর্যন্ত তাদের চলমান পরীক্ষা, টার্ম ফাইনাল পরীক্ষা অথবা পরবর্তী নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি স্থগিত থাকবে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের অপরাধ পুনরায় সংঘটিত হলে আরও কঠোর শাস্তি দেয়া হবে বলে অফিস আদেশে সতর্ক করা হয়েছে।

এসএস