সার পাচারের চেষ্টায় ডিলারসহ ১ জনের কারাদণ্ড

সার পাচারের বিরুদ্ধে অভিযান
এখন জনপদে
0

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে অবৈধভাবে গভীর রাতে সার পাচারের চেষ্টার অভিযোগে বিসিআইসি সার ডিলার ও এক নসিমনচালককে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৮০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।

গতকাল (সোমবার, ২ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

তিনি জানান, রাতের আঁধারে সার পাচারের অভিযোগে বিসিআইসি সার ডিলার মেসার্স নিরাপদ এন্টার প্রাইজের স্বত্বাধিকারী গোলাম শাহনেওয়াজ (৪৫) এবং নসিমন চালক মো. মতিন (৪৮) কে আটক করা হয়। এসময় ৮০বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়।

পরে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামানের প্রসিকিউশনের ভিত্তিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আসামিরা স্বেচ্ছায় দোষ স্বীকার করলে আদালত গোলাম শাহনেওয়াজকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

অপরদিকে, নসিমনচালক মো. মতিনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে জব্দ করা ৮০ বস্তা ডিএপি সার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

সারগুলো সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তা পারভেজ আলীর জিম্মায় দেয়া হয়েছে।

এছাড়াও ডিলার গোলাম শাহনেওয়াজের বিসিআইসি ডিলারশিপ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়।

এফএস