সাংবাদিককে মারধর: রাবির হল প্রাধ্যক্ষ প্রত্যাহার, ৭২ ঘণ্টায় তদন্ত প্রতিবেদন

রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
এখন জনপদে , ক্যাম্পাস
শিক্ষা
0

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিককে মারধরের ঘটনায় শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষকে প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনা তদন্তে গঠিত পাঁচ সদস্যের কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সাংবাদিক মারধরের ঘটনায় অভিযুক্তদের ছাত্রত্ব ও সনদ বাতিল এবং তাদের বিরুদ্ধে মামলা করাসহ ছয় দাবি জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-সাংবাদিকরা। একই সঙ্গে শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষকে প্রত্যাহারের দাবিও জানান তারা।

দাবির পরিপ্রেক্ষিতে ওইদিন রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থী সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেয়া হয়।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন উপাচার্য। পাশাপাশি তাৎক্ষণিকভাবে শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষকে প্রত্যাহার করা হয়।

আরও পড়ুন:

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এসব আশ্বাসের পর আগামী তিন দিনের জন্য কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থী সাংবাদিকরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এদিকে, ঘটনার প্রতিবাদে এই সময় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের সংবাদ বয়কটের সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত তিনটি সাংবাদিক সংগঠন।

তবে সাংবাদিক মারধরের ঘটনাকে কেন্দ্র করে কর্মসূচি ও সংবাদ বয়কট চললেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এসএইচ