ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, প্রতি সপ্তাহে দেশের কোনো না কোনো জেলায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক দল ও সংগঠনের উপস্থিতিতে গণশুনানি চলবে। সরকার এ কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি। এরই মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর, রাজনৈতিক দল, সংগঠন এবং নিহত-আহতদের পরিবারের কাছে চিঠি পাঠানো শুরু হয়েছে।
চিফ প্রসিকিউটর বলেন, ‘কোনো ঘটনার প্রেক্ষিতে মামলা হয়ে থাকলে নথি পর্যালোচনা করা হবে, আর মামলা না হয়ে থাকলে অপরাধীদের চিহ্নিত করে তদন্তের আওতায় আনা হবে। প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে অপরাধীকে গ্রেপ্তার করা হবে।’
৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ‘বিষয়টি ট্রাইব্যুনালের আইনের আওতার মধ্যে পড়ে কি না, তা খতিয়ে দেখা হবে।’
তবে ৫ আগস্টের পর অপরাধীদের যারা আশ্রয় ও প্রশ্রয় দিয়েছেন, প্রচলিত দণ্ডবিধিতে তাদের বিচারের সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও ইলিয়াস আলী গুমের মামলার তদন্ত চলমান রয়েছে এবং প্রায় ২৮০ জন নিখোঁজ বা গুমের শিকার ব্যক্তির বিষয়ে সমন্বিত তদন্ত চলছে বলে জানান চিফ প্রসিকিউটর।





