তাপপ্রবাহে পুড়ছে দেশ, ২৫ এপ্রিলের আগে বৃষ্টির আভাস নেই

তাপপ্রবাহে পুড়ছে দেশ
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

দেশজুড়ে বৈশাখের তীব্র গরমে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। ঝড়-বৃষ্টির দেখা নেই, প্রখর রোদে যেন আগুন ঝরছে আকাশ থেকে। বর্তমানে দেশের ২৩টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলার ওপর দিয়ে চলছে তীব্র তাপপ্রবাহ। গতকাল (বুধবার, ২২ এপ্রিল) সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া, দেশের প্রায় সব জেলাতেই তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন পরিস্থিতির তেমন উন্নতির সম্ভাবনা নেই। বরং গরম আরও বাড়তে পারে। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) সকালের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন:

পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, রাজশাহী বিভাগের বাকি অংশ, খুলনা বিভাগসহ ঢাকা জেলা, টাঙ্গাইল জেলা, ফরিদপুর জেলা, মাদারীপুর জেলা, দিনাজপুর জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, লক্ষ্মীপুর জেলা, রাঙামাটি জেলা ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

শুক্রবারও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে ২৫ এপ্রিল থেকে কিছুটা স্বস্তির আশা রয়েছে। সেদিন রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

জেআর