একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, বায়ুচাপের তারতম্যের কারণেই এ সতর্কতা জারি করা হয়েছে। তিনি বলেন, ‘ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলমান বৃষ্টিপাতের প্রবণতা আরও অন্তত এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে।’
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ও খেপুপাড়া এলাকায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৮ ডিগ্রি সেলসিয়াস।
একই সময়ে সর্বোচ্চ ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। এছাড়া সিলেটে ১২৭ মিলিমিটার, রাঙামাটিতে ৩৭ মিলিমিটার, কুমিল্লায় ৩৭ মিলিমিটার এবং নেত্রকোণায় ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাজধানী ঢাকায় রেকর্ড করা হয়েছে ৮ মিলিমিটার বৃষ্টি।





