বাংলাদেশে ট্রেনের অবস্থান জানার জন্য রেলওয়ের নিজস্ব এসএমএস সেবা ছাড়াও বেশ কিছু থার্ড-পার্টি অ্যাপ ও ওয়েবসাইট চালু রয়েছে। তবে সেবাগুলোর তথ্যের উৎস ও কার্যপদ্ধতি ভিন্ন। রেলওয়ের নিজস্ব ট্র্যাকিং ব্যবস্থার পাশাপাশি অনেক প্ল্যাটফর্ম যাত্রীদের শেয়ার করা জিপিএস লোকেশনের ওপর নির্ভর করে। তাই সঠিক সেবাটি বেছে নিতে ট্র্যাকিং পদ্ধতি সম্পর্কে ধারণা থাকা জরুরি।
আরও পড়ুন:
১. এসএমএসের মাধ্যমে ট্রেনের অবস্থান জানুন (SMS train tracking system Bangladesh)
ইন্টারনেট সংযোগ ছাড়াই বাংলাদেশ রেলওয়ের ট্রেন ট্র্যাকিং মনিটরিং সিস্টেম ব্যবহার করে ট্রেনের অবস্থান জানার দারুণ সুযোগ রয়েছে।
- পদ্ধতি: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে বড় হাতের অক্ষরে TR লিখতে হবে। এরপর একটি স্পেস দিয়ে কাঙ্ক্ষিত ট্রেনের নম্বর বা নাম লিখে পাঠিয়ে দিতে হবে ১৬৩১৮ নম্বরে।
- উদাহরণ: সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নম্বর ৭০১ হলে টাইপ করতে হবে TR 701।
- প্রাপ্ত তথ্য: ফিরতি এসএমএসের মাধ্যমে ট্রেনটির বর্তমান অবস্থান, গন্তব্য, স্টেশন ছাড়ার সময়, পরবর্তী স্টেশন এবং বিলম্বের তথ্য জানিয়ে দেওয়া হবে।
২. বিডি ট্রেন ট্র্যাকিং অ্যাপে থ্রিডি ম্যাপে দেখুন ট্রেন (BD Train Tracking app 3D map features)
ট্রেনের লাইভ লোকেশন ট্র্যাক করার জনপ্রিয় অ্যাপগুলোর মধ্যে অন্যতম হলো ‘বিডি ট্রেন ট্র্যাকিং’ (BD Train Tracking)। এই অ্যাপের মূল বৈশিষ্ট্য হলো যাত্রীদের শেয়ার করা জিপিএস লোকেশনের ভিত্তিতে ট্রেনের অবস্থান প্রদর্শন করা। ট্রেনে থাকা কোনো যাত্রী নিজের লোকেশন শেয়ার করলে অন্য ব্যবহারকারীরা থ্রিডি মানচিত্রে ট্রেনটির লাইভ আপডেট দেখতে পান।
- নির্মাতা ও পরিচিতি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং গতিশীল ভেঞ্চারসের প্রতিষ্ঠাতা আল আমিন এই অ্যাপটি তৈরি করেছেন। এটি একটি কমিউনিটি-ভিত্তিক প্ল্যাটফর্ম, যার ব্যবহারকারী সংখ্যা পাঁচ লাখের বেশি এবং প্রতিদিন গড়ে প্রায় ১৫ হাজার চ্যাট বার্তা আদান-প্রদান হয়। অ্যান্ড্রয়েড ও আইফোন উভয় প্ল্যাটফর্মে বাংলা ও ইংরেজি ভাষায় এটি ব্যবহার করা যায়। গুগল প্লে স্টোরে অ্যাপটির রেটিং ৪.৮।
আরও পড়ুন:
ব্যবহারের নিয়ম:
- ১. গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে BD Train Tracking লিখে অ্যাপটি ইনস্টল করুন।
- ২. অ্যাপটি ওপেন করে গুগল অ্যাকাউন্ট অথবা অতিথি (Guest) হিসেবে প্রবেশ করুন। অতিথি হিসেবে কিছু সুবিধা সীমিত থাকতে পারে।
- ৩. হোমপেজের সার্চ বারে ট্রেনের নাম বা নম্বর লিখে খুঁজুন।
- ৪. ফলাফল থেকে আপনার কাঙ্ক্ষিত ট্রেনটি নির্বাচন করুন।
- ৫. ট্রেনের বিস্তারিত পেজের নিচে ডান পাশে থাকা লাইভ লোকেশন বা ট্র্যাকিং ম্যাপে প্রবেশ করে ‘3D View’ সিলেক্ট করুন।
- ৬. দুই আঙুল দিয়ে স্ক্রিন জুম ইন বা জুম আউট করে এবং টেনে মানচিত্রের চারপাশ দেখতে পারবেন।
- অন্যান্য সুবিধা: সাম্প্রতিক আপডেটে থ্রিডি ভিউতে ফ্লাই-ইন অ্যানিমেশন যুক্ত হয়েছে। ম্যাপ জুম করার সময় আশপাশের অন্যান্য ট্রেনের অবস্থানও দেখা যায়। ট্রেনে থাকা যাত্রীরা ‘আমি এই ট্রেনে আছি’ (I'm Inside Train) অপশন ব্যবহার করে লাইভ লোকেশন শেয়ার করতে পারেন। এছাড়া স্টেশন ভিউ, ট্রেনের যাত্রাপথ, আনুমানিক গতি, লাইভ চ্যাট ও নোটিফিকেশনের সুবিধা রয়েছে। একই ট্রেনের যাত্রীরা চ্যাটের মাধ্যমে ভিড়, বিলম্ব বা প্ল্যাটফর্ম পরিবর্তনের তথ্য আদান-প্রদান করতে পারেন। মাসিক ২০ টাকা থেকে শুরু করে বিভিন্ন মেয়াদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্যাকেজে বিজ্ঞাপনমুক্ত ব্যবহার ও বিশেষ নোটিফিকেশন পাওয়া যায়।
- সীমাবদ্ধতা: এটি রেলওয়ের সরকারি অ্যাপ নয়। যাত্রীদের জিপিএস ডেটার ওপর নির্ভরশীল হওয়ায় কোনো ট্রেনে কেউ লোকেশন শেয়ার না করলে সঠিক অবস্থান পাওয়া কঠিন হতে পারে।
আরও পড়ুন:
৩. ‘ট্রেন কোথায়’ অ্যাপেও থ্রিডি ম্যাপে দেখুন অবস্থান (TrainKothai app and website live tracking)
‘ট্রেন কোথায়’ (TrainKothai) অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করেও দেশের আন্তনগর ট্রেনের অবস্থান, সময়সূচি, রুট ও বিলম্বের তথ্য জানা যায়। এর অফিশিয়াল ওয়েবসাইট হলো trainkothai.com।
- ব্যবহারের নিয়ম: প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে TrainKothai অ্যাপ ইনস্টল করে প্রয়োজনীয় অনুমতি দিয়ে চালু করুন। হোমপেজে ট্রেনের নাম, নম্বর বা স্টেশনের নাম লিখে সার্চ করলেই বিস্তারিত তথ্য চলে আসবে। পেজের নিচে থাকা ‘ম্যাপ’ অপশনে ক্লিক করে থ্রিডি মানচিত্রে ট্রেনের অবস্থান দেখা যাবে।
- অন্যান্য সুবিধা: অ্যাপটিতে ট্রেনের গতিবেগ, বর্তমান স্টেশন ও বিলম্বের লাইভ তথ্য পাওয়ার পাশাপাশি আন্তঃনগর ট্রেনের সময়সূচি, রুট এবং নির্দিষ্ট দুটি স্টেশনের মধ্যকার ট্রেন অনুসন্ধানের সুবিধা রয়েছে। অ্যাপ ইনস্টল ছাড়াও এর ওয়েবসাইট থেকে ট্রেনের রুট, স্টপেজ ও আগের যাত্রার বিলম্বের ইতিহাস দেখা যায়। এটিও রেলওয়ের সরকারি প্ল্যাটফর্ম নয়, তাই লাইভ ডেটা যাত্রীদের জিপিএস শেয়ারের ওপর নির্ভরশীল।
৪. তালুকদার একাডেমির ওয়েবসাইটে দেখুন অবস্থান ও গতি (Talukdar Academy Train Tracker website)
আলাদা কোনো অ্যাপ ইনস্টল না করে ব্রাউজারের মাধ্যমে ট্রেনের অবস্থান, গতিবেগ, বিলম্ব এবং স্টেশনের সময়সূচি জানতে ব্যবহার করতে পারেন তালুকদার একাডেমির ‘Train Tracker’ ওয়েবসাইট। এর ঠিকানা tt.talukdaracademy.com.bd।
- ব্যবহারের নিয়ম: ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজের ‘সকল ট্রেন তালিকা’ অপশনে ক্লিক করুন। তালিকা বা সার্চ অপশন থেকে কাঙ্ক্ষিত ট্রেন নির্বাচন করলেই লাইভ ট্র্যাকিং ম্যাপ, বর্তমান গতিবেগ, পরবর্তী স্টপেজ ও বিলম্বের তথ্য দেখতে পাবেন।
- রুট ও স্টেশন লাইভ বোর্ড: দুটি স্টেশনের মাঝে চলাচলকারী ট্রেন খুঁজতে ‘রুট অনুযায়ী খুঁজুন’ (Route Search) এবং নির্দিষ্ট স্টেশনের আগমন-প্রস্থানের সময় জানতে ‘Station Live Board’ অপশন ব্যবহার করা যায়। জিপিএস ও মোবাইল সেলুলার প্রযুক্তির মাধ্যমে এটি কাজ করলেও নেটওয়ার্ক ও ডেটা হালনাগাদের ওপর নির্ভর করে তথ্যে সামান্য তারতম্য হতে পারে।
আরও পড়ুন:
৫. Rail.bd-তে সময়সূচি, ভাড়া ও লাইভ আপডেট (Rail.bd train schedule and fare website)
ট্রেনের রুট, সময়সূচি, স্টেশন, ভাড়া ও লাইভ আপডেট জানার আরেকটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হলো Rail.bd ওয়েবসাইট। এর ঠিকানা app.rail.bd। এতে ২৫২টি ট্রেনের তথ্য ও লাইভ আপডেটের ব্যবস্থা রয়েছে।
- সময়সূচি ও ভাড়া দেখার নিয়ম: ওয়েবসাইটে প্রবেশ করে ‘সব ট্রেন’ বা সার্চ অপশনে যাত্রার শুরু ও গন্তব্য স্টেশন নির্বাচন করুন। এতে ট্রেনের সময়, রুট, বন্ধের দিন এবং আসনশ্রেণিভিত্তিক ভাড়ার তালিকা পাওয়া যাবে। আলাদাভাবে ‘ট্রেন ভাড়া’ অপশন থেকেও ভাড়া যাচাই করা যায়।
- লাইভ অবস্থান জানার নিয়ম: হোমপেজের ‘এখন ছুটছে’ বা ‘সব লাইভ ট্রেন’ অপশনে গিয়ে চলন্ত ট্রেনের রুট, সর্বশেষ অবস্থান এবং কত মিনিট বিলম্ব হচ্ছে তা দেখা যায়। নির্দিষ্ট স্টেশন দেখতে ‘স্টেশন গাইড’ অপশন ব্যবহার করা যায়। এছাড়া যাত্রীরা ‘লাইভ আড্ডা’ চ্যাট বক্সে বিভিন্ন তথ্য শেয়ার করতে পারেন।
- আমার রেলযাত্রা: এই বিশেষ সুবিধার মাধ্যমে নিজের ভ্রমণ করা রুট বা ট্রেন সিলেক্ট করে কোন কোন জেলার ওপর দিয়ে গেছেন তা মানচিত্রে দেখা যায়। ৬৪ জেলার মধ্যে কতটি জেলা ভ্রমণ করেছেন তার স্কোর কার্ড পাওয়া যায়, যা নাম ও ছবি যুক্ত করে বিনামূল্যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায়। এটি একটি স্বাধীন ও অলাভজনক তথ্যভিত্তিক ওয়েবসাইট; টিকিট কাটার জন্য বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ই-টিকিট পোর্টাল ব্যবহার করতে হবে।
আরও পড়ুন:





