যে দ্বীপে বছরে একবার রাস্তায় নামে লাল কাঁকড়ার ঢল

ক্রিসমাস দ্বীপে বিশেষ সেতু দিয়ে সড়ক পার হচ্ছে লাল কাঁকড়ার দল
ফিচার
0

কোথাও লাল গালিচার মতো বিছানো কাঁকড়ার সারি, কোথাও রাস্তা পেরিয়ে ছুটছে হাজার হাজার প্রাণী। বনভূমি, পাহাড়ি পথ, সড়ক কিংবা সমুদ্রসৈকত; যেদিকে চোখ যায়, শুধু লাল আর লাল। মনে হবে প্রকৃতি নিজেই যেন পুরো দ্বীপটিকে লাল রঙে সাজিয়ে তুলেছে। কোনো উৎসব নয়, নেই মানুষের আয়োজন। বরং প্রজননের টানে কোটি কোটি লাল কাঁকড়ার এই যাত্রা।

ভারত মহাসাগরের বুকে অস্ট্রেলিয়ার দূরবর্তী ভূখণ্ড ক্রিসমাস আইল্যান্ডে এখন এমনই দৃশ্য। বর্ষার প্রথম বৃষ্টির অপেক্ষা শেষ হতেই বন থেকে সমুদ্রের দিকে ছুটতে শুরু করেছে দ্বীপটির লাল কাঁকড়ার দল। প্রতিবছর এই সময়ে আনুমানিক ১০ কোটি কাঁকড়া প্রজননের উদ্দেশ্যে এমন অভিবাসনে অংশ নেয়।

এবার গত ১৪ ও ১৫ নভেম্বর থেকেই দ্বীপের প্রধান সড়ক এবং কাঁকড়াদের চলাচলের জন্য তৈরি বিশেষ সেতুগুলোতে তাদের বিশাল দল দেখা যাচ্ছে। বৃষ্টি, চাঁদ ও সমুদ্রের জোয়ারের সঙ্গে মিলিয়ে কোটি প্রাণীর এই যাত্রা প্রকৃতির এক বিস্ময়কর আয়োজন।

প্রজননের উদ্দেশ্যে সমুদ্রের দিকে যাত্রা করা লাল কাঁকড়ার বিশাল দল |ছবি: সংগৃহীত

বৃষ্টির অপেক্ষায় থাকে কোটি কাঁকড়া

লাল কাঁকড়াদের এই যাত্রা শুরু হয় বর্ষার প্রথম বড় বৃষ্টির সঙ্গে। সাধারণত অক্টোবর বা নভেম্বরে তাদের অভিবাসন শুরু হয়। তবে বৃষ্টি দেরিতে হলে ডিসেম্বর কিংবা জানুয়ারি পর্যন্তও অপেক্ষা করতে হয়।

প্রথম বৃষ্টির পানি মাটিতে পড়তেই বনের গর্ত থেকে বেরিয়ে আসতে শুরু করে কাঁকড়ারা। এরপর দল বেঁধে এগিয়ে যায় সমুদ্রের দিকে। এ যাত্রায় প্রথমে থাকে পুরুষ কাঁকড়ার দল। পথে তাদের সঙ্গে যোগ দেয় স্ত্রী কাঁকড়ারা।

তবে শুধু বৃষ্টিই তাদের যাত্রার সময় নির্ধারণ করে না। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে চাঁদেরও। কখন সমুদ্রে পৌঁছাতে হবে, কখন ডিম ছাড়তে হবে, এমনকি কখন যাত্রার গতি বাড়াতে বা কমাতে হবে; সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে চাঁদের অবস্থান ও সমুদ্রের জোয়ার-ভাটার হিসাব।

সাধারণত চাঁদের শেষ পক্ষের দিনগুলোতে ভোর হওয়ার আগে সমুদ্রে ডিম ছাড়ে স্ত্রী কাঁকড়ারা। তখন জোয়ারের পানি নামতে শুরু করে। তাই নির্দিষ্ট সময়ে সমুদ্রসৈকতে পৌঁছাতে কাঁকড়াগুলো নিজেদের যাত্রার সময় ও গতি ঠিক করে নেয়। প্রকৃতির সঙ্গে তাদের এই নিখুঁত সমন্বয় বিজ্ঞানীদের কাছেও বিস্ময়কর।

একটি লাল কাঁকড়া তার গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে |ছবি: সংগৃহীত

সমুদ্রসৈকতে নামে লাল রঙের ঢেউ

সমুদ্রসৈকতে পৌঁছানোর পর শুরু হয় প্রজননের পর্ব। বড় আকারের পুরুষ কাঁকড়ারা প্রথমে বালুতে গর্ত খোঁড়ে। সেই গর্তে কিংবা আশপাশেই স্ত্রী কাঁকড়ার সঙ্গে তাদের মিলন ঘটে। এরপর পুরুষ কাঁকড়ারা সমুদ্রের পানিতে একবার ডুব দিয়ে আবার বনের পথে ফিরে যায়।

মিলনের পর স্ত্রী কাঁকড়ার শরীরে ডিম তৈরি হতে প্রায় তিন দিন সময় লাগে। এরপর তারা প্রায় দুই সপ্তাহ নিজেদের গর্তে অপেক্ষা করে। একেকটি স্ত্রী কাঁকড়া এক লাখ পর্যন্ত ডিম বহন করতে পারে।

চাঁদের শেষ পক্ষে ডিম ছাড়ার সময় ঘনিয়ে এলে স্ত্রী কাঁকড়ারা আবার সমুদ্রসৈকতের দিকে এগিয়ে যায়। তখন সৈকতজুড়ে তৈরি হয় এক অভাবনীয় দৃশ্য। হাজার হাজার কাঁকড়ায় ঢেকে যায় বালু ও পাথুরে উপকূল। কোনো কোনো জায়গায় প্রতি বর্গমিটারে দেখা যায় ১০০টি পর্যন্ত কাঁকড়া।

ভোরের আলো ফোটার আগে, জোয়ারের পানি নামতে শুরু করলে স্ত্রী কাঁকড়ারা সমুদ্রে নেমে ডিম ছাড়ে। টানা পাঁচ থেকে ছয় রাত ধরে চলে এই প্রক্রিয়া। প্রকৃতির নিয়ম মেনে কোটি কোটি ডিম ছড়িয়ে পড়ে সমুদ্রের পানিতে।

ডিম থেকে বাচ্চা, তারপর দীর্ঘ পথ পাড়ি

সমুদ্রের পানির সংস্পর্শে আসার পরপরই ডিম ফুটে বেরিয়ে আসে ক্ষুদ্র লার্ভা। ঢেউ ও জোয়ার-ভাটার স্রোতে সেগুলো ভেসে চলে যায় গভীর সমুদ্রে। সেখানে প্রায় এক মাস ধরে কয়েকটি ধাপে তাদের শারীরিক পরিবর্তন ঘটে।

এরপর লার্ভাগুলো উপকূলের জলাশয়ে ফিরে আসে। সেখানে এক থেকে দুই দিন থাকার পর পূর্ণাঙ্গ খুদে কাঁকড়ার রূপ নেয়। মাত্র পাঁচ মিলিমিটারের মতো আকারের এই কাঁকড়াগুলো এবার শুরু করে আরেক দীর্ঘ যাত্রা। প্রায় নয় দিন ধরে হেঁটে তারা পৌঁছায় দ্বীপের ভেতরের নিরাপদ বনাঞ্চলে।

তবে এত দূর আসার পথ মোটেও সহজ নয়। সমুদ্রে যাওয়ার পর লার্ভাগুলোর বড় একটি অংশ মাছ, মান্তা রে ও তিমি হাঙরের খাবারে পরিণত হয়। ফলে কোটি কোটি ডিম থেকে শেষ পর্যন্ত খুব কমসংখ্যক কাঁকড়াই বেঁচে ডাঙায় ফিরতে পারে।

তবে প্রকৃতি তাদের টিকে থাকার জন্য অন্য ব্যবস্থাও রেখেছে। প্রতি দশকে এক বা দুইবার অনুকূল পরিবেশের কারণে বিপুলসংখ্যক বাচ্চা কাঁকড়া বেঁচে যায়। এই কয়েকটি সফল প্রজনন মৌসুমই দ্বীপটির বিশাল কাঁকড়া জনগোষ্ঠীকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কাঁকড়া বাঁচাতে বন্ধ থাকে সড়ক, তৈরি হয়েছে বিশেষ সেতু

কোটি কোটি কাঁকড়ার এই যাত্রায় সবচেয়ে বড় বিপদ মানুষের তৈরি সড়ক ও যানবাহন। প্রতিবছর রাস্তা পার হতে গিয়ে অসংখ্য কাঁকড়া গাড়ির চাকায় পিষ্ট হয়। তাদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে তাই আগে থেকেই বিশেষ প্রস্তুতি নেয় ক্রিসমাস আইল্যান্ড ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ।

কাঁকড়াদের চলাচলের সুবিধার্থে তৈরি করা হয়েছে বিশেষ সেতু ও সড়কের নিচ দিয়ে যাওয়ার পথ বা আন্ডারপাস। এসব পথ পরিষ্কার রাখার পাশাপাশি রাস্তার পাশে বসানো হয় অস্থায়ী বেষ্টনী। এর ফলে কাঁকড়ারা সহজে নির্দিষ্ট পথ ধরে সমুদ্রের দিকে যেতে পারে।

এবারও তাদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্বীপের কয়েকটি সড়ক বন্ধ রাখা হয়েছে। কিছু সড়কে ভোর ৬টা থেকে সকাল ১০টা এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকছে। কাঁকড়াদের চলাচলের ওপর নির্ভর করে অন্য সড়কও যেকোনো সময় বন্ধ করে দেয়া হতে পারে।

ঘরে বসেই দেখা যাবে কোটি কাঁকড়ার যাত্রা

লাল কাঁকড়ার এই বার্ষিক অভিবাসন এখন ক্রিসমাস আইল্যান্ডের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। প্রতিবছর এই অসাধারণ দৃশ্য দেখতে দ্বীপটিতে ভিড় করেন পর্যটকেরা। ফ্লাইং ফিশ কোভ, গ্রেটা বিচ, ড্রামসাইট ও ইথেল বিচ এলাকায় তুলনামূলক সহজেই দেখা যায় কাঁকড়াদের সমুদ্রযাত্রা।

তবে সড়ক বন্ধ ও কাঁকড়াদের চলাচলের কারণে পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

এবার এই প্রাকৃতিক বিস্ময় উপভোগের সুযোগ তৈরি হয়েছে আরও বড় পরিসরে। যারা সরাসরি ক্রিসমাস আইল্যান্ডে যেতে পারছেন না, তাদের জন্য প্রথমবারের মতো কাঁকড়াদের অভিবাসন সরাসরি অনলাইনে সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। ফলে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দর্শকেরা ঘরে বসেই দেখতে পারছেন কোটি কোটি লাল কাঁকড়ার সমুদ্রযাত্রা।

বৃষ্টির প্রথম ফোঁটা থেকে শুরু, চাঁদের হিসাব মেনে সমুদ্রে ডিম ছাড়া, তারপর নতুন প্রজন্মের জন্ম ও বনে ফিরে আসা; সব মিলিয়ে লাল কাঁকড়ার এই অভিবাসন প্রকৃতির এক অসাধারণ জীবনচক্র। মানুষের কোনো নির্দেশনা ছাড়াই কোটি প্রাণীর এমন নিখুঁত সমন্বয় মনে করিয়ে দেয়, প্রকৃতির নিজস্ব নিয়ম কতটা বিস্ময়কর।

রাস্তা পার হচ্ছে লাল কাঁকড়ার দল, তাদের নিরাপদ যাত্রার জন্য সড়কে সতর্কতা জারি করা হয়েছে |ছবি: সংগৃহীত

তথ্যসূত্র: ক্রিসমাস আইল্যান্ড ন্যাশনাল পার্ক, পার্কস অস্ট্রেলিয়া, এবিসি নিউজ, ইউরোনিউজ, পপুলার সায়েন্স, নিউজ ডট কম অস্ট্রেলিয়া, কেএমবিসি ও থ্রি নিউজ।

এএম