পরিবহন শ্রমিকদের জন্য সিডব্লিউওএইচএসের স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

সিডব্লিউওএইচএসের স্বাস্থ্যসেবা ক্যাম্প
স্বাস্থ্য
0

সড়ক পরিবহন শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা, কর্মক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেয়ার লক্ষ্যে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে অনুষ্ঠিত হয়েছে সেন্টার ফর ওয়ার্ক অ্যান্ড অকুপেশনাল হেল্থ সেফটির (সিডব্লিউওএইচএস) প্রথম স্বাস্থ্যসেবা ক্যাম্প।

গতকাল (রোববার, ১৩ সেপ্টেম্বর) সায়েদাবাদ বাস টার্মিনালের প্ল্যাটফর্ম-১ এ আয়োজিত এ স্বাস্থ্য ক্যাম্পে ৬৫ জন পেশাদার চালককে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়। ক্যাম্পে চালকদের রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, ইসিজি এবং বিভিন্ন শারীরিক সমস্যার প্রাথমিক মূল্যায়ন করা হয়। প্রয়োজন অনুযায়ী তাদের পরবর্তী চিকিৎসা ও বিশেষজ্ঞের পরামর্শ নেয়ার জন্য দিকনির্দেশনাও দেয়া হয়।

স্বাস্থ্য ক্যাম্পে বিনা পারিশ্রমিকে চিকিৎসাসেবা দেন ডা. জয়ন্ত মালাকার এবং ডা. রাফি মোহাম্মদ আদনান। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসকদের এমন মানবিক ও স্বেচ্ছাসেবী ভূমিকার জন্য আয়োজকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া স্বাস্থ্য ক্যাম্পটি আয়োজনে সহযোগিতার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের (এআরআই) সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আরও পড়ুন:

সিডব্লিউওএইচএস জানায়, সায়েদাবাদের এই স্বাস্থ্য ক্যাম্পের মধ্য দিয়ে কার্যক্রমটির সূচনা হলো। ভবিষ্যতে দেশের বিভিন্ন বাস ও ট্রাক টার্মিনালে নিয়মিতভাবে, অন্তত মাসে একটি করে স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।

‘যারা আমাদের গন্তব্যে পৌঁছে দেন, তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার দায়িত্বও আমাদের’—এ প্রত্যয়ে সড়ক পরিবহন শ্রমিকদের জন্য স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেয় সিডব্লিউওএইচএস।

এসএইচ