ডেঙ্গুর পিক ছিলো সেপ্টেম্বর ও অক্টোবর মাস। এই দুই মাসে এডিস মশাবাহিত এই রোগে প্রাণ গেছে ৩২২ জনের। যা চলতি মোট প্রাণহানির প্রায় ৬৮ শতাংশ। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় এক লাখ রোগী।
নভেম্বরে পরিস্থিতি উন্নতির কথা থাকলেও থামছে না এই রোগের ভয়াবহতা। মাসের প্রথম দশ দিনেই প্রাণ হারিয়েছেন ৫৫ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ১৯ হাজার।
রাজধানীর একাধিক হাসপাতাল ঘুরে দেখা যায় শয্যা না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন সারা দেশ থেকে আসা রোগীরা। ভুগছেন নানা জটিলতায়।
রোগীরা জানান, দীর্ঘদিন ধরে তারা হাসপাতালে আছেন। কিন্তু তাদের শরীরের কোনো পরিবর্তন হচ্ছে না। এমন কী জ্বর-ব্যথা কোনো কিছু কমছে না তাদের।
বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত পরিচ্ছন্নতা অভিযানের কারণে মিলছে না সুফল। আগামী ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত থাকতে পারে ডেঙ্গুর রুদ্ররূপ। পরিচ্ছন্নতাকর্মীদের বিশেষায়িত প্রশিক্ষণেরও তাগিদ তাদের।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, ‘পরিচ্ছন্নতার অভিযান খুব একটা প্রভাব বিস্তার করছে না। যেটা প্রভাব বিস্তার করছে তা হচ্ছে আমাদের জলবায়ু। তাপমাত্রা এবং বৃষ্টি, এইটা নভেম্বরে তাপমাত্রা কিছুটা কমলেও পরিবর্তন হচ্ছে না।
‘এখন যদি তাপমাত্রা কমে যায়, মশার ডিম থেকে মশা হওয়াটা একটু ধীরে হবে। এই মশার সংখ্যা কমে গেলে রোগের সংখ্যা কমবে, এটা দেখতে দেখতে আমাদের দেড় মাস থেকে দুমাস লাগবে।’
এদিকে ভারতসহ বেশ কয়েকটি দেশ ডেঙ্গু টিকার অনুমোদন দিলেও কার্যকারিতা পুরোপুরি প্রমাণিত না হওয়ায় এখনই ট্রায়ালের পক্ষে নন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, ‘টিকাটা এখনো পর্যন্ত পরিপূর্ণ নিরাপদ বলে প্রমাণ হয় নাই। যে টিকাগুলো এসেছে, আপনি ঝুঁকি নিয়ে নিতে পারেন। সেই ঝুঁকিটা আমরা নেব কি না, ব্যক্তি পর্যায়ে নেব কি না বা সরকার সেই ঝুঁকিটা নেবে কি না। এখনো পর্যন্ত এই টিকা মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এফডিএ তারা অনুমোদন দেয়নি। এখনো পর্যন্ত ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি, যারা টিকার অনুমোদন দেয়ার কর্তৃপক্ষ, তারা এগুলো দেয়নি।
‘কোনো কোনো দেশ এটা প্রয়োগ করছে অনেকটা পরীক্ষামূলক এবং ঝুঁকি নিয়ে। বাংলাদেশ এরকম ঝুঁকি নিয়ে আপনি মানুষকে টিকা দিতে পারবেন কিনা, এটা কিন্তু একটা আমাদের সামাজিক রাজনৈতিক প্রশ্ন।’
আগামী মৌসুমে ডেঙ্গুর প্রকোপ রোধে এখন থেকেই লার্ভা শনাক্ত, রোগী চিহ্নিত, প্রশিক্ষিত পরিচ্ছন্নতাকর্মী তৈরির পাশাপাশি বিশেষ পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের।




