চট্টগ্রাম বন্দরে দেশি-বিদেশি অপারেটর নিয়োগে নতুন বিধিমালা

চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দর
অর্থনীতি
0

চট্টগ্রাম বন্দরে পণ্য ও কনটেইনার ওঠা-নামা এবং জাহাজ পরিচালনার কাজে অপারেটর নিয়োগের জন্য নতুন বিধিমালা জারি করেছে সরকার। নতুন বিধিমালায় দেশিয় প্রতিষ্ঠানের পাশাপাশি আন্তর্জাতিক পরিচালনাকারী প্রতিষ্ঠান নিয়োগের ব্যবস্থাও রাখা হয়েছে। বার্থ ও শিপ হ্যান্ডলিং অপারেটরদের অভিযোগ, যোগ্যতা যাচাই ছাড়া গণহারে লাইসেন্সে দেয়া হলে বিশৃঙ্খলা হবে। অভিজ্ঞ প্রতিষ্ঠান না হলে বন্দরের কার্যক্রমে বিরূপ প্রভাব পড়ার শঙ্কাও তাদের।

চট্টগ্রাম বন্দরে গতিশীলতা আনতে ২০০৭ সালে স্টিভিডোর প্রথা বাতিল করে জেটি ও বহিনোঙরে বার্থ অপারেটর চালু করা হয়। এই সময় ৪০ জন স্টিভিডোরকে বন্দরের জেটি ও বার্থগুলোতে কনটেইনার ওঠানো নামানো, ব্যবস্থাপনা এবং ১৭ জনকে বর্হিনোঙর থেকে পণ্য খালাসের কাজ ভাগ করে দেয়া হয়। পরে ১২ জেটিতে ১২টি প্রতিষ্ঠানকে বার্থ অপারেটর নিয়োগ দেয়া হয়। আর বহিনোর্ঙরের জন্য ৩২টি প্রতিষ্ঠানকে শিপ হ্যান্ডলিং অপারেটর হিসেবে তালিকাভুক্ত করা হয়।

টার্মিনাল অপারেটর হিসেবে এনসিটি ও সিসিটি পরিচালনায় ছিলো সাইফ পাওয়ারটেক। ২০২২ সালে টার্মিনাল ও শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগের নীতিমালা করলেও লাইসেন্স দেয়ার সুনির্দিস্ট আইনি কাঠামো ছিলো না। গত ৫ নভেম্বর অপারেটর নিয়োগে বিধিমালা- ২০২৬ জারি করে নৌ পরিবহন মন্ত্রণালয়।

এর মাধ্যমে অপারেটর নিয়োগে সবার জন্য সুযোগ তৈরির পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি বন্দর কর্তৃপক্ষের।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘এই ধরনের কাজগুলোতে যারা অংশগ্রহণ করতে চান, তাদের জন্য এটা আরও উন্মুক্ত হয়েছে। তারা এই সুনির্দিষ্ট যে গাইডলাইন আছে, এই গাইডলাইন ফলো করে তারা এখানে পার্টিসিপেট করার জন্য আরও উন্মুক্তভাবে অংশগ্রহণের সুযোগ পাবে।’

শিপিং এজেন্ট ও শিপ হ্যান্ডলিং অপারেটরদের অভিযোগ, নতুন লাইসেন্স দিতেই এই বিধিমালা করা হয়েছে। লাইসেন্সের জন্য আবেদন করা ৪০০ প্রতিষ্ঠানের মধ্যে অনেকেরই বন্দরের কাজে কোন সম্পৃক্ততা নেই বলেও জানান।

বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি সরোয়ার হোসেন সাগর বলেন, ‘টেন্ডারের জন্য অভিজ্ঞতাকে মূল্যায়ন করা উচিত। এমন অনেক শিপ হ্যান্ডলিং অপারেটর আসবেন, হয়তো কোনো দিন চট্টগ্রাম বন্দরও দেখে নাই, জাহাজের কোনো আইডিয়া নাই, তাকেই যদি শিপ হ্যান্ডলিং নিয়োগ করা হয়, তাহলে কি পারফরম্যান্স বাড়বে?’

বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ- সভাপতি মো. আলী আকবর বলেন, ‘একেবারে কোনো অভিজ্ঞতা নেই, তাকে লাইসেন্সটা কেন দেবে? কারণ এটা কার্গো হ্যান্ডলিং তো অনেক ক্রিটিক্যাল কাজ এগুলোতো ঝুঁকিপূর্ণ কাজ। যাকে তাকে দিয়ে দেয়া যায় না। একটা এক্সিডেন্ট হলে তখন তার দায়-দায়িত্ব কে নেবে?’

আর বার্থ অপারেটরদের শঙ্কা, বিধিমালায় নতুন অপারেটর নিয়োগে শর্ত শিথিল করায় অনভিজ্ঞ প্রতিষ্ঠান লাইসেন্স পেলে তা বন্দরের জন্য নেতিবাচক হবে।

শিপ হ্যান্ডলিং অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের বার্থের সভাপতি ফজলে ইকরাম চৌধুরী বলেন, ‘গ্রেটার পার্টিসিপেশন এনসিওর করার জন্য এবং সবকিছু করা যায়, কিন্তু আপনার এখানে দক্ষতা এবং সক্ষমতা এগুলো সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে বিচার-বিবেচনা করেই কিন্তু আমার মনে হয় বার্থ হ্যান্ডলিং নিয়োগ করা, নতুন যদি নিয়োগ করার কোনো চিন্তাভাবনা থাকে, সেটা কিন্তু বিবেচনায় আনতে হবে।’

বর্তমানে বন্দরের তালিকাভুক্ত ৩২ জন শিপ হ্যান্ডলিং অপারেটর ও ১২ জন বার্থ জন অপারেটর রয়েছেন। পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনা করছে সৌদি আরবের বন্দর অপারেটর রেড সি গেইটওয়ে সিসিটি ও সাই্ফ পাওয়ারটেক। মার্চ থেকে এনসিটি পরিচালনা করবে দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড।

জেআর