রমজানের আগে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা

বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি
0

রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় ১০ ধরনের পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিনের বাকিতে অর্থ পরিশোধের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চাল, ডাল, পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি, ছোলা ও খেজুরসহ এসব পণ্য আমদানিতে সরবরাহকারীর ঋণ অথবা ক্রেতার ঋণের আওতায় এ সুবিধা পাবেন ব্যবসায়ীরা। কেন্দ্রীয় ব্যাংক বলছে, আমদানিতে অর্থের চাপ কমলে বাড়বে পণ্যের সরবরাহ, স্থিতিশীল থাকবে বাজার। তবে অর্থনীতিবিদরা বলছেন, শুধু ঋণসুবিধা নয়, প্রয়োজন কার্যকর বাজার ব্যবস্থাপনা ও আমদানি তদারকি।

রমজান ঘিরে প্রতিবছরই বাড়ে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের চাহিদা। বিশেষ করে চাল, ডাল, পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি, ছোলা ও খেজুরের বাজারে তৈরি হয় বাড়তি চাপ। এ পরিস্থিতিতে সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে আমদানিকারকদের জন্য নতুন সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নির্দেশনায় চাল, ডাল, পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি, ছোলাসহ এই ১০টি পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বাকিতে অর্থ পরিশোধের সুযোগ রাখা হয়েছে। পণ্য বিক্রি করে নির্ধারিত মেয়াদে ব্যাংকের দায় পরিশোধ করতে পারবেন ব্যবসায়ীরা। আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে এ সুবিধা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘মানুষের ওপর দ্রব্যমূল্যের চাপ সৃষ্টি হচ্ছে এবং রমজানে সেটা আরও বাড়তে পারে, রমজানে সেটা আরও বাড়তে পারে এই সংকেতটা আর রাখতে চাচ্ছে না, যাতে মানুষকে কিছুটা ব্রিদিং স্পেস দেয়ার জন্য মূলত এই সার্কুলারটি জারি করা হয়েছে।’

রমজানের বাজার সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন আমদানিকারকরা। তাদের মতে, আমদানির ক্ষেত্রে নগদ অর্থের চাপ কমলে আগেভাগেই পণ্য আনার সুযোগ তৈরি হবে। এতে বাজারে সরবরাহ বাড়ার পাশাপাশি আমদানির ধারাবাহিকতা বজায় রাখা সহজ হবে।

বাংলাদেশ ফুডস্টাফ ইমপোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মৃত্যুঞ্জয় কুমার সাহা বলেন, ‘কেউ যদি ইমপোর্ট করতে চায় তার আগে মূলধনটা দরকার হবে। কিন্তু এই ক্ষেত্রে সে কম মূলধনেও সে ব্যবসাটা চালিয়ে যেতে পারে, তো প্রোডাক্টটা এভেলেবেল হবে, পুঁজিটা ব্লক থাকবে না, রুলিং হবে। এক পুঁজি দিয়া মানে সে একটা পুঁজি দিয়া চারটা কনসাইনমেণ্ট করতে পারবে, তাহলে সরবরাহ ব্যবস্থা অনেক ইমপ্রুভ করবে।’

তবে অর্থনীতিবিদদের মতে, আমদানিতে ঋণসুবিধা দিলেই বাজার স্থিতিশীল হবে, এমন নিশ্চয়তা নেই। আমদানির পরিমাণ, মজুত, পাইকারি ও খুচরা পর্যায়ের মূল্য এবং সরবরাহ ব্যবস্থায় নজরদারি জরুরি। পাশাপাশি বছরজুড়ে চাহিদা বিবেচনায় আমদানির পরিকল্পনা থাকলে কৃত্রিম সংকট তৈরির সুযোগ কমবে।

অর্থনীতিবিদ ড. সাহাদাত হোসেন সিদ্দিকী বলেন, ‘পার্মানেন্টলি আসলে রাষ্ট্রের এই জায়গাটা ডিমান্ড প্যাটার্নটাকে যে গ্রোথটা হচ্ছে সেই অনুযায়ী ইমপোর্ট কত আগামী বছর বাড়বে সব ফোরকাস্টিং করে যদি আমাদের ক্যালেন্ডারের সঙ্গে সম্পৃক্ত করা হয় এবং তা বাস্তবায়নের জন্য ভূমিকা রাখে, তাহলে দেখবেন যে বর্তমানে না ভবিষ্যতেও এই ব্যবস্থাপনার কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসের রমজান আসলেই বাড়বে সেই জায়গাটা মানুষের টেন্ডেন্সিটাও কম থাকবে।’

কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগে আমদানি বাড়লেও শেষ পর্যন্ত তার সুফল কতটা পৌঁছাবে সাধারণ ভোক্তার কাছে, সেটিই এখন বড় প্রশ্ন।

জেআর