আজ (শুক্রবার, ১০ এপ্রিল) কলকাতায় এসে সংবাদ সম্মেলন করে অমিত শাহ স্পষ্টত জানিয়ে দেন, এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে, অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং তাদের দেশ থেকে বিতাড়িত করার নীতি নেওয়া হবে।
আর এ অনুপ্রবেশ ইস্যুতেই এবার বিজেপিকে নিশানা মমতা ব্যানার্জির ভাতিজা ও তৃণমূলের সংসদ সদস্য অভিষেক ব্যানার্জির। অমিত শাহকে প্রশ্ন করে তিনি বলেন, ‘আমরা যদি অনুপ্রবেশকারীদের কথা বলি তবে গত দেড় বছর দিল্লিতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি অনুপ্রবেশকারী, নাকি শরণার্থী?’ মোদি-অমিত শাহের কাছে অভিষেকের প্রশ্ন শেখ হাসিনার স্ট্যাটাস কি কেন্দ্রের তরফে তা পরিষ্কার করে জানানো হোক।
সংবাদ সম্মেলনে অভিষেক বলেন, ‘আজকে অমিত শাহ স্বীকার করেছেন, বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তবে বাংলা দিল্লি ও গুজরাট থেকে পরিচালিত হবে। তিনি বলেছেন বাংলাদেশ থেকে শাসন করার থেকে গুজরাট থেকে শাসন করা অনেক ভালো। এর অর্থ কলকাতা বাংলাদেশি! বাংলাকে যদি কেউ বাংলাদেশের দৃষ্টিভঙ্গিতে দেখে... সেটা দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দেখেন। এটা আমরা অনেকবার বলেছি।’
এরপরই তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক প্রশ্ন তোলেন, ‘বাংলাকে যদি বাংলাদেশ পরিচালিত করে তবে দিল্লিতে শেখ হাসিনা কি করছে? ওনার (অমিত শাহ) কি কোনো জবাব আছে? গত দেড় বছর ধরে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির সরকার কি কারণে আশ্রয় দিয়েছেন? কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য? শেখ হাসিনার স্ট্যাটাস কি? তিনি কি অনুপ্রবেশকারী না শরণার্থী? অমিত শাহ জবাব দিতে পারবেন?’
‘বাংলাদেশে হিন্দু সাধু-সন্তদের ওপর যখন অত্যাচার করা হয়েছিল, চিন্ময় কৃষ্ণ প্রভুর ওপরে যখন অত্যাচার করা হয়েছিল, তখন নরেন্দ্র মোদী বা অমিত শাহের সরকার কী ইতিবাচক পদক্ষেপ নিয়েছিল?’ এ প্রশ্নও করেন অভিষেক।
বিজেপি পার্টি তো রাজ্যগুলিতে বাঙালিদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে অভিষেক বলেন, ‘বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলায় কথা বললে নিজের পছন্দের খাবার খেলে কেউ বাড়িতে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করা হয়। এমনকি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন বাংলায় যদি কেউ কথা বলে, তাকে গ্রেপ্তার করো, কারাগারে ঢুকিয়ে দাও। অথচ এতকিছুর পরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নি।’
অভিষেকের কটাক্ষ, ‘বিজেপি গত ১০ বছর ধরে অনুপ্রবেশের ক্যাসেট বাজিয়ে আসছে। যদি বিজেপি অনুপ্রবেশ আটকাতেই চায় তবে কাশ্মীরের পেহেলগাওঁয়ে কে দায়িত্বে ছিল? বিজেপি সেখানে জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ হলো কেন? কেন সেখানে ২৬ জন ভারতীয়র প্রাণ গেল? দিল্লি পুলিশ কার দখলে? দিল্লির লালকেল্লায় বিস্ফোরণে কেন ১০ জন নিরীহ মানুষ মারা গেল? এ ব্যর্থতা কার?





