মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশির সংখ্যা ১২ লাখের বেশি, যারা দীর্ঘদিন ধরে দেশটিতে শ্রমবাজার সম্প্রসারণ, কর্মীদের অধিকার সুরক্ষা, ভিসা জটিলতা বা বৈধতার সুযোগ সৃষ্টির দাবি জানিয়ে আসছেন। এসব ঘিরেই, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া সফর নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বাংলাদেশি প্রবাসীদের মাঝে।
মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার, বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বৈঠক হতে পারে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা এবং কর্মী নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সহজ করার বিষয়টি গুরুত্ব পেতে পারে বলে মনে করছেন প্রবাসীরা।
একজন প্রবাসী বলেন, ‘যে সকল বাংলাদেশীরা মালয়েশিয়াতে আসতে চাচ্ছে, তাদেরকে পর্যাপ্ত পরিমাণ ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী যেন মালয়েশিয়াতে প্রেরণ করে আমাদের সরকার।’
বাংলাদেশের সরকার প্রধানের সফরে মালয়েশিয়া অনিয়মিত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সৃষ্টি, অভিবাসন ব্যয় কমানো, কর্মীদের কল্যাণ নিশ্চিত করা ও হাইকমিশনের সেবার মান আরও উন্নত হবে বলেও আশায় বুক বেঁধেছেন অনেকে।
যারা অবৈধভাবে তারা যেন বৈধতা পায়। এছাড়াও অল্প খরচে মালয়েশিয়ায় যাওয়ার কথা জানান প্রবাসীরা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে দুই দেশের সম্পর্কের পাশাপাশি প্রবাসীদের জীবন-জীবিকায়ও ইতিবাচক প্রভাব পড়বে বলেই প্রত্যাশা প্রবাসীদের। ২১ ও ২২ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় অবস্থান করবেন বাংলাদেশের সরকার প্রধান





