ইতালির রাজধানী রোমের বাংলাদেশি অধ্যুষিত তরপিনাত্তারা এলাকায় দীর্ঘদিনের নিরাপত্তাহীনতা, ক্রমবর্ধমান অপরাধপ্রবণতা এবং সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডের প্রতিবাদে ধর্মঘট ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন প্রবাসীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের ডাকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত এক ঘণ্টার এ কর্মসূচিতে স্থানীয়দের পাশাপাশি অংশ নেন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।
সাম্প্রতিক একটি নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে এক ঘণ্টার জন্য দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে এ প্রতীকী ধর্মঘট পালন করা হয়।
আরও পড়ুন:
ধর্মঘটে অংশগ্রহণকারীরা জানান, তারা সব বাংলাদেশি প্রবাসী এবং ইতালিয়ানদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তারা ১ ঘণ্টার জন্য দোকান বন্ধ রেখেছেন। প্রতিদিন বাংলাদেশি প্রবাসী ভাইদের কাছ থেকে মোবাইল, পকেটের টাকা বা ডকুমেন্টস ছিনিয়ে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ তাদের। তাই এ হয়রানির বিরুদ্ধে প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন বলে জানান।
প্রবাসী ব্যবসায়ীরা জানান, বাংলাদেশি অধ্যুষিত বহুজাতিক ও ঘনবসতিপূর্ণ এলাকা তরপিনাত্তারায় রয়েছে বহু ব্যবসা প্রতিষ্ঠান। নিরাপত্তাহীনতার কারণে চরম উদ্বেগের কথাও জানান তারা।
এক ইতালিয়ান বলেন, ‘গত কয়েক মাস ধরে আইনশৃঙ্খলার অবনতির খবর পাওয়া গেলেও সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না। সরকারকে অবশ্যই আইনশৃঙ্খলার উন্নয়নে কাজ করতে হবে।’
বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশি টহল বাড়ানো, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার কথাও জানান আন্দোলনকারীরা।





