প্রধানমন্ত্রী আলবানিজ জানিয়েছেন, দ্রুত সম্প্রসারণশীল এআই খাতের কার্যক্রম তদারকি এবং নিরাপত্তা নিশ্চিত করতে অস্ট্রেলিয়ায় একটি নতুন এআই নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা গঠন করা হবে। এই সংস্থা নিরাপত্তাব্যবস্থা বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।
সাংবাদিকদের আলবানিজ বলেন, ‘আমাদের লক্ষ্য হলো, কৃত্রিম বুদ্ধিমত্তা যেন আমাদের নিয়ন্ত্রণ না করে; বরং আমরাই যেন কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিজেদের প্রয়োজন অনুযায়ী পরিচালিত করতে পারি।’
তিনি আরও বলেন, ‘এআইকে বন্ধ করে দিয়ে এমন ভান করার সুযোগ নেই যে এটি বাস্তবে নেই। তবে আমরা নিশ্চিত করতে পারি, এটি যেন অস্ট্রেলিয়ার স্বার্থে পরিচালিত হয়।’
আলবানিজ জানান, নতুন নিরাপত্তাবিধির আওতায় এআই ব্যবস্থায় নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা বাধ্যতামূলকভাবে কর্তৃপক্ষকে জানাতে হবে। পাশাপাশি অত্যাধুনিক এআই মডেলগুলোর সক্ষমতা ও নিরাপত্তা স্বাধীনভাবে মূল্যায়নের ব্যবস্থাও থাকবে।
তিনি বলেন, ‘এআই নিরাপত্তার ক্ষেত্রে অস্ট্রেলিয়া শুরুতেই কার্যকর পদক্ষেপ নিচ্ছে। আমরা চাই, এই প্রযুক্তির সম্ভাব্য সুফল যেন পুরোপুরি কাজে লাগাতে পারি।’
তবে তিনি সতর্ক করে বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে, সবকিছু যেন সঠিকভাবে পরিচালিত হয়। এআই ব্যবহারের ক্ষেত্রে জনগণের আস্থা ও গ্রহণযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
চলতি বছরের শুরুতে ওপেনএআইয়ের একটি পরীক্ষামূলক এআই মডেল প্রশিক্ষণের সময় নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে অস্ট্রেলিয়ার একটি সরকারি ওয়েবসাইটে হ্যাকিংয়ের চেষ্টা চালালে দেশটিতে উদ্বেগ তৈরি হয়।
জুন মাসে মডেলটি স্বাস্থ্যসংক্রান্ত পরিসংখ্যানের একটি অনলাইন পোর্টালে প্রবেশের চেষ্টা করে। এ সময় নির্ধারিত বিধিনিষেধ পাশ কাটিয়ে ব্যক্তিগত নথিপত্র সংরক্ষিত একটি অংশে প্রবেশ করতে সক্ষম হয়।
তবে এ বিষয়ে ওপেনএআই অস্ট্রেলিয়া সরকারকে তাৎক্ষণিকভাবে সতর্ক করেনি। সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠানটি একটি সাধারণ ই-মেইল ঠিকানায় বার্তা পাঠিয়ে বিষয়টি জানায়। ওই ই-মেইল ইনবক্স দিনে মাত্র একবার পরীক্ষা করা হয়।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেছেন, এআই প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে বাইরের বিশেষজ্ঞদের মাধ্যমে তাদের প্রযুক্তি ও কার্যক্রম যাচাইয়ের সুযোগ দিতে হবে।
সাংবাদিকদের তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতাগুলো নিয়ে আরও কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘এআই মডেলগুলোর স্বাধীন মূল্যায়ন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
মার্লেস বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা যে বিশ্বকে বদলে দেবে, তা অস্বীকার করে কোনো লাভ নেই। এমন কোনো প্রযুক্তি নয়, যেটি থেকে আমরা পালিয়ে থাকতে পারি। কৃত্রিম বুদ্ধিমত্তা এখনই আমাদের দৈনন্দিন জীবনের অংশ। ভবিষ্যতে জীবনের প্রতিটি ক্ষেত্রে এর ব্যবহার আরও বাড়বে।
নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের বিপুল সম্ভাবনা এবং বিস্তীর্ণ জনবসতিহীন ভূখণ্ড থাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনার জন্য প্রয়োজনীয় ডেটা সেন্টার স্থাপনের আদর্শ স্থান হিসেবে নিজেদের তুলে ধরছে অস্ট্রেলিয়া। সিডনির উপকণ্ঠে একটি বিশাল ডেটা সেন্টার নির্মাণ প্রকল্পেও যুক্ত রয়েছে ওপেনএআই।
তবে এআই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ে অস্ট্রেলিয়ায় স্থানীয় পর্যায়ে সমালোচনা ও বিরোধিতাও বাড়ছে। দেশটির অনেক নাগরিক এসব প্রতিষ্ঠানের নৈতিকতা এবং বিপুল বিদ্যুৎ ব্যবহারকারী ডেটা সেন্টারের পরিবেশগত প্রভাব নিয়ে প্রশ্ন তুলছেন।
এ ছাড়া দেশটিতে বড় ধরনের বিতর্কের বিষয় হয়ে উঠেছে কপিরাইট আইন। এআই চ্যাটবটকে গান, বই ও অন্যান্য সৃজনশীল শিল্পকর্ম দিয়ে প্রশিক্ষণ দেওয়ার সুযোগ করে দিতে অস্ট্রেলিয়া তার কপিরাইট আইন শিথিল করবে কি না, তা নিয়েও আলোচনা চলছে।





