সৌদি আরবের কৌশলগত পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে নতুন হামলা

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে মেরামত ও বিকল্প পথ নির্মাণের চিত্র স্যাটেলাইটে ধরা পড়েছে
বিদেশে এখন
0

সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে আবারও হামলার ঘটনা ঘটেছে। গতকাল (সোমবার, ৯ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় মদিনা অঞ্চলে পাইপলাইনটি লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, হামলার পর সেখানে ‘সীমিত পরিসরে আগুন’ ধরে যায়, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি এবং পাইপলাইনে তেল সরবরাহ কার্যক্রমও পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

সরকারি বিবৃতিতে এ হামলার জন্য নির্দিষ্ট কোনো পক্ষকে দায়ী করা হয়নি। তবে ইয়েমেনের ইরানঘনিষ্ঠ হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরব ও দেশটির সমর্থিত ইয়েমেন সরকারের তীব্র সংঘাতের মধ্যেই নতুন এ হামলার ঘটনা ঘটলো। এর আগেও সৌদির বিভিন্ন তেল শোধনাগার ও জ্বালানি মজুত কেন্দ্র লক্ষ্য করে একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা।

১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনটি আরব উপদ্বীপের মরুভূমি পেরিয়ে লোহিত সাগর উপকূলের বন্দর শহর ইয়ানবু পর্যন্ত বিস্তৃত। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ওই নৌপথ এড়াতে পাইপলাইনটি রিয়াদের জন্য অত্যন্ত কৌশলগত বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশ্ব চাহিদার প্রায় ৪ শতাংশ বা দৈনিক প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এই পাইপলাইনের মাধ্যমে পরিবহন করে থাকে সৌদি আরব। এর আগে গত সেপ্টেম্বরে ড্রোন হামলার শিকার হয়ে পাইপলাইনটির কার্যক্রম কয়েক দিন বন্ধ রাখতে হয়েছিল।

এএম