ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে আলোচনায় রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কিয়েভে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার
বিদেশে এখন
0

ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আলোচনায় বসেছেন রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তির বরাতে জানা গেছে, মঙ্গলবার এ বৈঠক শুরু হয়েছে। চলতি বছর আবুধাবিতে এটি এ ধরনের তৃতীয় দফার বৈঠক। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি জেনেভায় সবশেষ মুখোমুখি হয়েছিলেন তিন দেশের প্রতিনিধিরা।

আবুধাবির এই ত্রিপক্ষীয় বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। অন্যদিকে ইউক্রেনের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান রুস্তেম উমেরভ। ফ্রান্স ও জার্মানিসহ ইউরোপের দেশগুলো এ আলোচনায় যোগ দেয়ার আগ্রহ দেখালেও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্ট করেছেন, এটি পূর্বনির্ধারিত ত্রিপক্ষীয় কাঠামো, তাই সরাসরি বৈঠকে ইউরোপীয় কর্মকর্তাদের অংশ নেয়ার সুযোগ নেই।

আলোচনা চলাকালে ওয়াশিংটনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুদ্ধ বন্ধের ক্ষেত্রে তিনি ‘খুব জোরালো মনোভাব’ দেখতে পাচ্ছেন। ট্রাম্প বলেন, ‘উভয় পক্ষই লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। আবুধাবিতে এ নিয়ে আমাদের খুব ভালো আলোচনা চলছে।’ তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিছুটা সতর্ক অবস্থান নিয়ে বলেছেন, যুদ্ধ অবসানের প্রক্রিয়ায় এখনো অনেকটা পথ পাড়ি দেয়া বাকি।

এদিকে আলোচনার আগে সোমবার রাতে দেয়া ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, রণক্ষেত্রের সাম্প্রতিক অগ্রগতি কিয়েভের দর-কষাকষির অবস্থানকে আরও শক্তিশালী করেছে। ইউক্রেনীয় বাহিনীর হামলায় রাশিয়া ‘রেকর্ড পরিমাণ ক্ষয়ক্ষতির’ মুখে পড়ছে বলে দাবি করেন তিনি। যদিও মস্কো বরাবরই এ ধরনের দাবি প্রত্যাখ্যান করে আসছে। জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার ভেতরে তেল শোধনাগারসহ বিভিন্ন স্থাপনায় দূরপাল্লার হামলার ইতিবাচক প্রভাব পড়ছে। এই যুদ্ধ বন্ধে মস্কোকে রাজি করাতে তিনি ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, দখলকৃত ভূখণ্ডের বিষয়ে মস্কো ও কিয়েভ উভয় পক্ষই পর্দার আড়ালে কিছুটা নমনীয়তা দেখাচ্ছে। ন্যাটোর সনদের ৫ নম্বর অনুচ্ছেদের আদলে ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি এ বৈঠকের মূল কেন্দ্রবিন্দু। তবে ভূখণ্ডসংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আলোচনার শেষ পর্যায়ে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ওই কর্মকর্তা।

এএম