বিল্ট-ইন প্রাইভেসি স্ক্রিনসহ ‘গ্যালাক্সি এস টুয়েন্টি সিক্স’ সিরিজ উন্মোচন করলো স্যামসাং

নতুন স্যামসাং গ্যালাক্সি এস টুয়েন্টি সিক্স ও গ্যালাক্সি বাডস ফোর
গ্যাজেট
তথ্য-প্রযুক্তি
0

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে আয়োজিত ‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্টে উন্মোচিত হলো বহুল প্রতীক্ষিত স্যামসাং গ্যালাক্সি এস টুয়েন্টি সিক্স সিরিজ ও গ্যালাক্সি বাডস ফোর সিরিজ। গত পাঁচ বছরের ধারাবাহিকতা বজায় রেখে ফেব্রুয়ারিতেই নতুন পণ্যের ঘোষণা দিলো দক্ষিণ কোরিয়ার এই প্রযুক্তি জায়ান্ট। আজ থেকেই বিশ্বব্যাপী প্রি-অর্ডার নেয়া শুরু করেছে স্যামসাং। আনুষ্ঠানিকভাবে ডিভাইসগুলোর বিক্রি শুরু হবে ১১ মার্চ থেকে বলে জানিয়েছে স্যামসাং। মার্কিন সংবাদমাধ্যম এনবিসির সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এবারের স্যামসাং স্মার্টফোন সিরিজে রয়েছে গ্যালাক্সি এস টুয়েন্টি সিক্স, এস টুয়েন্টি সিক্স প্লাস ও এস টুয়েন্টি সিক্স আলট্রা। তিনটি মডেলেই বেস স্টোরেজ ২৫৬ জিবি, যা গত বছরের এস টুয়েন্টি ফাইভ ও এস টুয়েন্টি ফাইভ প্লাসে ছিল ১২৮ জিবি। এছাড়া নতুন ডিভাইসগুলোয় চিপ সংযোজন করায় পারফরম্যান্স ও এআইনির্ভর ফিচারগুলো আরও উন্নত হয়েছে বলে জানিয়েছে স্যামসাং।

এরইসঙ্গে গ্যালাক্সি এস টুয়েন্টি সিক্স–এ ব্যাটারির সক্ষমতা বাড়িয়ে ৪ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার (এমএএইচ) করা হয়েছে, যা আগে ছিল ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার। এবারের এস টুয়েন্টি সিক্স প্লাসে ওয়্যারলেস চার্জিংয়ের গতিও কিছুটা বাড়ানো হয়েছে। তবে স্টোরেজ বাড়ানোর কারণে দুই মডেলের দাম ১০০ ডলার বেড়েছে। যুক্তরাষ্ট্রের বাজারের জন্য এস টুয়েন্টি সিএক্সের মূল্য ধরা হয়েছে ৮৯৯ ডলার এবং এস টুয়েন্টি সিক্স প্লাসের ১ হাজার ০৯৯ ডলার।

নতুন গ্যালাক্সি এস টুয়েন্টি সিক্স আলট্রার বড় আকর্ষণ হচ্ছে বিল্ট-ইন প্রাইভেসি স্ক্রিন। এটি দিয়ে সাধারণ প্রাইভেসি স্ক্রিনের মতো পুরো ডিসপ্লে অন্ধকার না করে নির্দিষ্ট একটি অংশ—যেমন নোটিফিকেশন বা পাসওয়ার্ড—অন্যের চোখ থেকে আড়াল করা যাবে। ফিচারটি ব্যবহারকারীরা নিজের মতো করে সেটিংস নির্ধারণ করতে পারবেন বলে জানিয়েছে স্যামসাং।

আরও পড়ুন:

এছাড়া আলট্রা মডেলে থাকছে উন্নত ক্যামেরা ও দ্রুত ওয়্যারড এবং ওয়্যারলেস চার্জিং সুবিধা। যুক্তরাষ্ট্রের বাজারে ডিভাইসটির মূল্য ধরা হয়েছে ১ হাজার ২৯৯ ডলার, যা আগের জেনারেশনের এস টুয়েন্টি ফাইভ আলট্রার সমানই রাখা হয়েছে।

এদিকে নতুন ডিজাইনে গ্যালাক্সি বাডস ফোর ও বাডস ফোর প্রোও উন্মোচন করেছে স্যামসাং। নতুন মডেল দুটিতে আগের ত্রিভুজাকৃতির স্টেমের পরিবর্তে নতুন ডিজাইন ব্যবহার করা হয়েছে। তবে এবারের গ্যালাক্সি বাডস ফোরে কোনো রাবার ইয়ারটিপ নেই। এটি সেমি-ওপেন ডিজাইনে তৈরি করা হয়েছে, যা অ্যাপলের এয়ারপডস ফোরের মতো। ইয়ারবার্ডসটি একবার চার্জে টানা ছয় ঘণ্টা এবং চার্জিং কেসসহ মোট ৩০ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে দাবি করেছে স্যামসাং। অন্যদিকে গ্যালাক্সি বাডস ফোর প্রোতে রয়েছে রাবার ইয়ারটিপ যা একবার চার্জে সাত ঘণ্টা এবং কেসসহ অতিরিক্ত ৩০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। 

নতুন গ্যালাক্সি এস টুয়েন্টি সিক্স সিরিজ ও বাডস ফোর উন্মোচনের মাধ্যমে প্রিমিয়াম স্মার্টফোন ও ওয়্যারেবল বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করার ইঙ্গিত দিলো স্যামসাং। বাড়তি স্টোরেজ, এআইনির্ভর ফিচারস ও আলট্রা মডেলে কাস্টমাইজ করা প্রাইভেসি স্ক্রিনের মতো নতুন সংযোজন ব্যবহারকারীদের কতটা আকৃষ্ট করতে পারে এখন সেটিই দেখার বিষয়।

এএম