বরগুনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩

হাসপাতালে আহতরা
এখন জনপদে
0

ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলীতে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী বাজার থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা মহিষকাটা এলাকার দিকে যাচ্ছিলো। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়।

এতে অটোরিকশার পাঁচ যাত্রীই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. বেল্লাল (৩৫) নামের একজনকে মৃত ঘোষণা করেন।

এদিকে উন্নত চিকিৎসার জন্য অন্য একজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাওন (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন:

আহত বাকি তিনজনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

আমতলী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত ) মো. সাইদুর রহমান বলেন, ‘দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

ঘটনার পর কিছুক্ষণ মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এসএস