৮৯ বছরের ইতিহাসে ফক্সওয়াগন এর আগে কখনো এত বড় ধরনের সংস্কারের মুখে পড়েনি। প্রতিবেদনে জানানো হয়, এ বিশাল পরিবর্তনের অংশ হিসেবে ফক্সওয়াগন তাদের হ্যানোভার, জভিকাউ, এমডেন এবং অডি নেকারসুলম প্ল্যান্টের উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেবে। এর মধ্যে স্যাক্সনি অঙ্গরাজ্যের জভিকাউ প্ল্যান্টটিকে কিছুদিন আগেই সম্পূর্ণ আধুনিকায়ন করে বৈদ্যুতিক গাড়ি তৈরির উপযোগী করা হয়েছিল।
ফক্সওয়াগন, অডি এবং কুপ্রা ব্র্যান্ডের ৬টি ইভি মডেল তৈরি হতো এ প্ল্যান্টে। তবে বাজারে বৈদ্যুতিক গাড়ির চাহিদা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার এ প্ল্যান্টের উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল কর্তৃপক্ষকে।
এর আগে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি এবং বাজারে চীনা গাড়ির একচেটিয়া আধিপত্যকে কারণ দেখিয়ে ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের একটি প্রাথমিক রূপরেখা দিয়েছিল ফক্সওয়াগন। ২০২৪ সালের শেষের দিকে প্রতিষ্ঠানের শ্রমিক ইউনিয়নগুলোর সঙ্গে এ নিয়ে একটি চুক্তিও হয়। চুক্তির শর্ত ছিল— ২০৩০ সালের আগে কোম্পানি আর কোনো নতুন কর্মী ছাঁটাই বা কারখানা বন্ধ করতে পারবে না।
তবে সে চুক্তিকে তোয়াক্কা না করেই এবার ছাঁটাইয়ের পরিধি দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে গাড়ি নির্মাতা জায়ান্টটি। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেয়া এক বিবৃতিতে ফক্সওয়াগনের একজন মুখপাত্র জানান, সব ব্র্যান্ড ও সহযোগী প্রতিষ্ঠানসহ পুরো গ্রুপকেই এখন একটি আমূল পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। তবে কোম্পানির ‘অভ্যন্তরীণ ও গোপনীয় নথির’ বাইরে অন্য কোনো বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
এদিকে কোম্পানির এ আকস্মিক সিদ্ধান্ত ও কারখানা বন্ধের পরিকল্পনার বিরুদ্ধে তীব্র আন্দোলনের ডাক দিয়েছে শ্রমিক ইউনিয়ন ও প্রতিনিধিত্বকারী সংগঠনগুলো। এক যৌথ বিবৃতিতে জার্মানির প্রভাবশালী শ্রমিক ইউনিয়ন ‘আইজি মেটাল’ এবং ‘জেনারেল ওয়ার্কস কাউন্সিল’ জানিয়েছে, যদি এ ধরনের কোনো পরিকল্পনা জোরপূর্বক চাপিয়ে দেয়ার চেষ্টা করা হয়, তবে সমস্ত শক্তি দিয়ে তা প্রতিহত করা হবে।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



