ডলারের বিপরীতে ৭ মাসের মধ্যে সর্বোচ্চে ইয়েন

ইয়েন ও ডলার
আন্তর্জাতিক বাণিজ্য
0

জাপানের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব জাপান (বিওজে) দ্রুত সুদের হার বাড়াতে পারে—এমন আভাস এবং জাপানি বিনিয়োগকারীদের অর্থ দেশে ফিরিয়ে আনার সম্ভাবনায় ডলারের বিপরীতে ৭ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠেছে ইয়েন। বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) ডলারের বিপরীতে ইয়েনের দর ১ দশমিক ১৪ শতাংশ বেড়ে প্রতি ডলারের বিপরীতে ১৫৪ দশমিক ৪২ ইয়েনে দাঁড়ায়। গত ফেব্রুয়ারির পর এটিই ইয়েনের সর্বোচ্চ অবস্থান। গত সপ্তাহের মঙ্গলবারও প্রতি ডলারের দাম ছিল ১৬০ ইয়েনের ওপরে।

গবেষণা সংস্থা এমইউএফজির জ্যেষ্ঠ মুদ্রা বিশ্লেষক লি হার্ডম্যান বলেন, ১৫৫ ইয়েনের সীমা পার হওয়া মুদ্রাটির শক্তিশালী অবস্থানের ইঙ্গিত। ইয়েনের দর আরও কমবে, বাজারে এমন ধারণা থাকলেও ব্যাংক অব জাপান সুদের হার বাড়ানোর গতি ত্বরান্বিত করার পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে।

এদিকে, ডলারের পরবর্তী গতিপথ নির্ধারণে আগামী শুক্রবার প্রকাশ হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি বা ভোক্তা মূল্যসূচক (সিপিআই) উপাত্তের দিকে তাকিয়ে আছেন ব্যবসায়ীরা। চলতি মাসের শেষ দিকে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াবে কি না, তা নির্ধারণে এই তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিবিএইচের বৈশ্বিক বাজার কৌশল প্রধান ইলিয়াস হাদ্দাদ বলেন, মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি হলে সেপ্টেম্বরে ফেড সুদের হার বাড়াতে পারে, এতে ডলার শক্তিশালী হবে। বিপরীতে মূল্যস্ফীতি কম হলে ফেড সুদের হার অপরিবর্তিত রাখতে পারে, যা ডলারের ওপর চাপ তৈরি করবে।

এদিকে আগামী বৃহস্পতিবার ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকও (ইসিবি) সুদের হার বাড়াতে পারে বলে বাজারে ধারণা রয়েছে।

এএইচ