ইরানে হামলায় এক দিনে অন্তত ৯৬ জন নিহত: এইচআরএএনএ

ইরানের মিনাবে একটি স্কুলে হামলার পর উদ্ধারকাজ চালানো হচ্ছে
বিদেশে এখন
0

ইরানে ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় অন্তত ৯৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৮৫ জন বেসামরিক নাগরিক এবং ১১ সেনাসদস্য নিহত হয়েছেন। ইরানের মানবাধিকার নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) এ তথ্য দিয়েছে।

ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থাটি আরও বলেছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা শুরুর পর থেকে ইরানে মোট বেসামরিক ব্যক্তি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৭৪২–এ।

নিহত ব্যক্তিদের মধ্যে ১৭৬টি শিশু রয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি।

এর আগে গতকাল (সোমবার, ২ মার্চ) ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছিল, মোট নিহতের সংখ্যা ৫৫৫। তবে আল–জাজিরা স্বতন্ত্রভাবে এসব পরিসংখ্যানের সত্যতা যাচাই করতে পারেনি।

এইচআরএএনএ বলেছে, গতকাল ইরানের বিভিন্ন অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে কয়েকটি সামরিক ঘাঁটি, দুটি আবাসিক এলাকা ও বন্দর আব্বাসে অবস্থিত গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর ‘শহিদ বাহোনার পিয়ার’ও আছে।

এনএইচ