যুদ্ধ বন্ধের তিন শর্ত দিলো ইরান

‘বৈধ অধিকার’ স্বীকৃতি, ক্ষতিপূরণ ও আন্তর্জাতিক গ্যারান্টি চায় তেহরান

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অবসানে কয়েকটি শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গতকাল (বুধবার, ১১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘তেহরান আঞ্চলিক শান্তিতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে ইরানের ‘‘বৈধ অধিকার’’ স্বীকৃতি দিতে হবে, ক্ষয়ক্ষতির জন্য ‘‘ক্ষতিপূরণ’’ দিতে হবে এবং ভবিষ্যতে হামলা ঠেকাতে শক্ত ‘‘আন্তর্জাতিক গ্যারান্টি’’ নিশ্চিত করতে হবে।’ মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এর আগে ইরানের সশস্ত্র বাহিনী সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে হামলা চালালে বড় ধরনের পাল্টা জবাব দেয়া হবে।

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবোলফজল শেখারচি রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি-কে বলেন, ‘ওয়াশিংটন ইরানের বন্দর স্থাপনায় হামলা করলে পারস্য উপসাগরে কোনো বন্দর, অর্থনৈতিক কেন্দ্র বা স্থান ইরানের নাগালের বাইরে থাকবে না।’

মার্কিন সেন্ট্রাল কমান্ড এক্সের পারস্য ভাষার অ্যাকাউন্টে সতর্কবার্তা দিয়ে ইরানের বন্দর এলাকায় নৌ-অভিযান চলাকালে বেসামরিক নাগরিকদের সেসব এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানোর পর তার এ মন্তব্য আসে।

আরও পড়ুন:

গত ২৮ ফেব্রুয়ারি তেহরান ও ইরানের আরও কয়েকটি শহর লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর সবশেষ এই উত্তেজনা সৃষ্টি হয়। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনি, জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং বেসামরিক ব্যক্তিরা নিহত হন।

এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যজুড়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

এএম