ক্লুলেস হত্যার ৫ বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম
এখন জনপদে
অপরাধ
0

রাজবাড়ীর বালিয়াকান্দিতে কিশোর ওমর আলী হত্যার পাঁচ বছর পর রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় নজরুল ইসলাম নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পিবিআই জানায়, দুই আসামির স্ত্রীর সঙ্গে ওমরের পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। পরে পাঁচজন মিলে ওমরের হাত-পা বেঁধে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে জখম করার পর শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘাসের ক্ষেতে ফেলে রাখে।

২০২১ সালের ৪ জানুয়ারি বালিয়াকান্দির ঢোলজানী গ্রামের একটি ঘাসের খেত থেকে ওমরের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা আহেদ শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন:

দীর্ঘ তদন্ত ও বিভিন্ন তথ্য বিশ্লেষণের পর নজরুলকে শনাক্ত করে পিবিআই। গত সোমবার (৫ অক্টোবর) গভীর রাতে ঢাকার আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের পর সে বিভিন্ন জেলায় ছদ্মবেশে বসবাস করছিল বলে জানিয়েছে পুলিশ।

পিবিআইয়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার নজরুল আদালতে ওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডে পাঁচজনের জড়িত থাকার কথা স্বীকার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান ও আইনগত প্রক্রিয়া চলছে।’

এসএস