অল্পের জন্য গুলি থেকে রক্ষা পেলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী

জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী
বিদেশে এখন
0

আততায়ীর গুলির হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ভারতের জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। একটি বিয়ের অনুষ্ঠানে মাত্র কয়েক হাত দূর থেকে তাকে গুলি করে হামলাকারী। কড়া নিরাপত্তার মধ্যে হামলাকারী কীভাবে এতো কাছে এসেছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তার ছেলে বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। আটকের পর হামলাকারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেন, প্রায় ২০ বছর ধরে এ মুহূর্তের অপেক্ষায় ছিলেন।

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ভারতের জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। বুধবার সন্ধ্যায় এক বিয়ের অনুষ্ঠানে মাত্র কয়েক হাত দূর থেকে গুলি করা হয় তাকে। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা এক কমান্ডোর সাহসী ভূমিকায় বেঁচে যান বর্ষীয়ান এই নেতা।

জেড প্লাস ক্যাটাগরিতে নিরাপত্তা পাওয়া সাবেক এই মুখ্যমন্ত্রীর কাছে কিভাবে হামলাকারী পৌঁছালো তা নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিয়ে বাড়ি থেকে বেরুনোর সময় পেছন থেকে এসে ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে আচমকা গুলি চালায় হামলাকারী কমল সিং জামওয়াল। উপস্থিত নিরাপত্তাকর্মীরা বন্দুকধারীকে আটকের পর কেড়ে নেয় আগ্নেয়াস্ত্রটি।

আরও পড়ুন:

পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় জনতা। আততায়ী কমল প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, এ ঘটনায় তিনি অনুতপ্ত নন। প্রায় ২০ বছর ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন। তবে লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়েছেন ৬৫ বছর বয়সী এ হামলাকারী।

হামলায় ফারুক আবদুল্লাহ অক্ষত থাকলেও তার সঙ্গে থাকা বর্তমান উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। কী কারণে এই হামলা তা এখনো জানা যায়নি। এরই মধ্যে তদন্তে নেমেছে কাশ্মীর পুলিশ।

বাবা ফারুক আবদুল্লাহর এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছেলে ওমর আবদুল্লাহ। এটিকে হত্যাচেষ্টা বলে আখ্যা দেন তিনি। ওমর আবদুল্লাহ বলেন, ‘এখনো অনেক প্রশ্নের উত্তর বাকি।’

এফএস