দ্বিতীয় দফার সংলাপে বসতে রাজি নয় ইরান: তাসনিম নিউজ

বিধ্বস্ত ভবনের পাশে ইরানের পতাকা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বসতে ইরান এখনো কোনো সম্মতি দেয়নি। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ‘তাসনিম নিউজ’ আজ (শনিবার, ১৮ এপ্রিল) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আনাদুলু এ তথ্য জানিয়েছে।

ইরানি বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ এবং ওয়াশিংটনের ‘অতিরিক্ত দাবি’র মুখে তেহরান এই অবস্থান নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘ইরান এখন পর্যন্ত পরবর্তী দফার আলোচনায় বসতে রাজি হয়নি। আলোচনার ধারাবাহিকতা রক্ষার প্রধান শর্ত হলো—যুক্তরাষ্ট্রকে তাদের মাত্রাতিরিক্ত দাবি থেকে সরে আসতে হবে।’ তেহরান তাদের এই কঠোর বার্তা মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে।

আরও পড়ুন:

এর আগে শুক্রবার সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছিল, সোমবার ইসলামাবাদে দ্বিতীয় দফার বৈঠকে অংশ নিতে রোববারই দুই দেশের প্রতিনিধিদের পাকিস্তানে পৌঁছানোর কথা। কিন্তু তাসনিম নিউজের এই প্রতিবেদন সেই সম্ভাবনাকে বড় ধরনের অনিশ্চয়তার মুখে ঠেলে দিলো।

গত সপ্তাহে পাকিস্তানে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে প্রথম দফার ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনা হলেও কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি বন্দরে নৌ-অবরোধের ঘোষণা দেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরাইলের মধ্যে সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল থেকে দুই সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি চলছে, যার মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হবে। এর মধ্যেই স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনার টেবিলে বসার কথা ছিল দুই পক্ষের।

এএম