ইসলামাবাদ যাচ্ছেন জেডি ভ্যান্স, যুদ্ধবিরতির মেয়াদ ২৪ ঘণ্টা বাড়ালেন ট্রাম্প

জেডি ভ্যান্স ও ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) সকালে ওয়াশিংটন থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে এই উচ্চপর্যায়ের সফরের প্রস্তুতি চলছে। ভ্যান্সের সঙ্গে প্রতিনিধিদলে থাকছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তবে এই সফর ও আলোচনা নিয়ে দুই পক্ষের মধ্যে টানাপোড়েন এখনো কাটেনি। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আলোচনায় যোগ দেওয়ার বিষয়টি ‘ইতিবাচকভাবে পর্যালোচনা’ করছে। যদি ভ্যান্স উপস্থিত থাকেন, তবে ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ।

যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো এক দিন

আলোচনার সুবিধার্থে ডোনাল্ড ট্রাম্প বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ২৪ ঘণ্টা বাড়িয়ে ‘বুধবার সন্ধ্যা (ওয়াশিংটন সময়)’ পর্যন্ত করেছেন। ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এরপর মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে।’ চুক্তি না হলে আবারও বোমাবর্ষণ শুরু হতে পারে বলে ইঙ্গিত দিলেও তিনি যোগ করেন, ‘একটি খারাপ চুক্তির জন্য আমি তাড়াহুড়ো করবো না। আমাদের হাতে যথেষ্ট সময় আছে।’

আলোচনার মূল বাধা

প্রথম দফার ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ হয়েছিল মূলত ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ এবং ৪৪০ কেজি উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের মার্কিন দাবির কারণে। ইরান চায় নিরাপত্তার গ্যারান্টি, যেন চুক্তির পর তাদের ওপর আর হামলা না হয়। ৫ সপ্তাহের বিধ্বংসী বিমান হামলার পরেও তেহরান মনে করে না যে তারা পরাজিত হয়েছে।

অচলাবস্থায় বিশ্ববাজার

হরমুজ প্রণালিতে পাল্টাপাল্টি নৌ-অবরোধের ফলে বিশ্ববাজারে তেলের দাম ফের বাড়ছে। গতকাল (সোমবার, ২০ এপ্রিল) ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৫ ডলার বেড়ে ৯৫ ডলার ছাড়িয়েছে। গতকাল (সোমবার, ২০ এপ্রিল) মাত্র তিনটি ট্যাংকার এই প্রণালি পার হতে পেরেছে। এদিকে পাকিস্তান এই বৈঠককে কেন্দ্র করে ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এবং দীর্ঘ সময় ধরে চলা লোডশেডিং সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।

এএম