দক্ষিণ লেবাননজুড়ে ইসরাইলের জোরালো হামলা অব্যাহত

ইসরাইল-লেবানন সীমান্তের কাছে দক্ষিণ লেবাননে বিস্ফোরণের পর ধোঁয়া উঠছে
বিদেশে এখন
0

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর বিমান হামলা ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। গতকাল (বুধবার, ২৯ এপ্রিল) দক্ষিণ লেবাননের জুয়াইয়া এলাকায় চালানো একটি ভয়াবহ হামলার পর নিখোঁজদের সন্ধানে আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) ভোরে ফের উদ্ধার অভিযান শুরু করেছে লেবানন সিভিল ডিফেন্সের কর্মীরা। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, জুয়াইয়ায় ওই হামলার পর এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখছেন।

কেবল আবাসিক এলাকা নয়, লেবাননের গুরুত্বপূর্ণ অবকাঠামোও ইসরাইলি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এনএনএ-এর প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি বাহিনী বাতুলিয়েহ এলাকায় একটি পানি সরবরাহ কেন্দ্র পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এ ছাড়া আল-বায়াদ পর্যটন কেন্দ্রেও বড় ধরনের হামলা চালানো হয়েছে।

সংবাদ সংস্থাটি আরও জানায়, আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) সকালেও লেবাননের টায়ার শহরের আকাশে ইসরাইলি ড্রোনের আনাগোনা দেখা গেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দক্ষিণ লেবাননের বিভিন্ন সীমান্ত এলাকায় ইসরাইলি ড্রোন ও নজরদারি বিমানগুলো সারাক্ষণই চক্কর দিচ্ছে।

এএম