বিধানসভা নির্বাচন: ৪ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের ভোটগণনা আজ

ভোট প্রদান করতে এসেছেন ভোটাররা
বিদেশে এখন
0

পশ্চিমবঙ্গসহ ভারতের ৪ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের ভোটগণনা আজ। প্রতিটি রাজ্যে নেয়া হয়েছে তিন স্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হবে গণনার কাজ। এদিকে ফল ঘোষণা পর্যন্ত নেতাকর্মীদের গণনাকেন্দ্র পাহারার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপরীতে ভবানীপুর আসনে এবার মমতাকে ধরাশায়ী করার ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

দুই ধাপে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ২৯৪টির মধ্যে ২৯৩ আসনের ফল গণনা শুরু হবে সোমবার। স্থানীয় সময় সকাল ৮টায় সব দলের প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে খোলা হবে ইভিএম। ৭৭টি গণনাকেন্দ্র খোলা হয়েছে পশ্চিমবঙ্গে। গণনার কাজ তদারকির জন্য নিয়োজিত করা হয়েছে ৪ শতাধিক পর্যবেক্ষক।

শুরুতে পোস্টাল ব্যালটের পর গণনা করা হবে ইভিএমের ভোট। সব রাউন্ডের গণনা শেষ হওয়ার পর রিটার্নিং অফিসার চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন। বিজেপি নাকি তৃণমূল- কে আসছেন বাংলার ক্ষমতায় জানা যাবে সোমবার। তবে, শেষ মুহূর্তে নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। রাতভর গণনাকেন্দ্র পাহারায় রাখতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন মমতা।

আরও পড়ুন:

বিপরীতে রাজ্য বিজেপির বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর দাবি, তৃণমূলকে ক্ষমতা থেকে সরানো এখন কেবলই সময়ের ব্যাপার।

ভোট গণনা ঘিরে পশ্চিমবঙ্গে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে সবচেয়ে আলোচিত ভবানীপুর আসনে নিরাপত্তা নিশ্চিতে গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জনসমাগম নিষিদ্ধে জারি করা হয়েছে ১৬৩ ধারা।

এদিকে, অনিয়মের অভিযোগে বাতিল হওয়ায় দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা আসনের ভোট হবে আগামী ২১মে। ফল ঘোষণা করা হবে ২৪মে।

পশ্চিমবঙ্গ ছাড়াও একইদিনে ঘোষণা করা হবে তিন অঙ্গরাজ্য তামিলনাড়ু, কেরালা, আসাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের ফল।

এফএস