কাতার ক্যালেন্ডার হাউসের হিসাব অনুযায়ী, আগামী ১৮ মে সোমবার থেকে ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হতে পারে। জিলহজ মাসের ১০ তারিখে মুসলমানরা ঈদুল আজহা পালন করেন। হজরত ইব্রাহিম (আ.)–এর মহান ত্যাগের স্মৃতি স্মরণে বিশ্বজুড়ে মুসলিমরা এই উৎসব পালন করেন।
সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফয়সাল আল আনসারি গত মঙ্গলবার জানান, তাদের গাণিতিক হিসাব অনুযায়ী আগামী শনিবার স্থানীয় সময় রাত ১১টা ২ মিনিটে (জিএমটি রাত ৮টা ২ মিনিট) জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হবে। তবে সূর্যাস্তের আগে চাঁদের জন্ম না হওয়ায় শনিবার সন্ধ্যায় কাতারসহ আরব ও মুসলিম বিশ্বের কোথাও চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই।
ইসলামি চন্দ্রবর্ষের নিয়ম অনুযায়ী, চাঁদের আবর্তনের ওপর ভিত্তি করে হিজরি মাসের শুরু ও শেষ নির্ধারিত হয়। অন্যদিকে সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথের ঘূর্ণনের মাধ্যমে গ্রেগরিয়ান বা ইংরেজি মাসের হিসাব করা হয়।
জ্যোতির্বিজ্ঞানের ভিত্তিতে এই সম্ভাব্য তারিখ জানানো হলেও ঈদুল আজহার চূড়ান্ত তারিখ নির্ভর করে চাঁদ দেখার ওপর। বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার মাধ্যমেই দেশে ঈদের তারিখ চূড়ান্ত করা হবে।





