পিছু হঠার সুযোগ নেই: আইআরজিসি

ইরানের পতাকা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধে পিছু হঠার আর কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামী নিয়া বলেছেন, মার্কিন বাহিনীর সঙ্গে যুদ্ধবিরতি এখন সুতোয় ঝুলছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইরানের বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মাশহাদ শহর থেকে দেয়া এক বক্তব্যে আকরামী নিয়া জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করছে রেভল্যুশনারি গার্ড কর্পসের (আরজিসি) নৌবাহিনী। অন্যদিকে, এর পূর্বাঞ্চলীয় অংশ সাধারণ নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তিনি দাবি করেন, ইরান তার শত্রুদের কোনো লক্ষ্যই পূরণ হতে দেয়নি এবং এই যুদ্ধের পর আর পিছু হঠার জায়গা নেই।

মার্কিন সামরিক ক্ষয়ক্ষতির দাবি করে এই জেনারেল বলেন, যুদ্ধ চলাকালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। এসব সরঞ্জামের বিকল্প কোনো অস্ত্রশস্ত্র হরমুজ প্রণালি দিয়ে নিতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে তিনি বলেন, ‘তেহরানের এই সামর্থ্য সম্পর্কে শত্রুদের আগে কোনো ধারণা ছিল না।’

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই উত্তেজনা বর্তমানে এক চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে সামরিক সরঞ্জাম পরিবহনে ইরানের নিষেধাজ্ঞার হুমকি এই অঞ্চলে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করছে।

এএম