নতুন করে যুদ্ধ শুরুর প্রস্তুতি ইরান-যুক্তরাষ্ট্রের

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত
বিদেশে এখন
0

পারস্পরিক বিশ্বাসের অভাবে দফায় দফায় আলোচনা করেও শান্তিচুক্তির ধারে কাছে পৌঁছাতে পারছে না ইরান ও যুক্তরাষ্ট্র। নতুন করে যুদ্ধ শুরু করতে প্রস্তুতি নিচ্ছে দুই দেশ। মসজিদে মসজিদে অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছেন ইরানের নারী-পুরুষ। চুক্তি না হলে তেহরানের জন্য খারাপ দিন অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি ট্রাম্পের।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়তে ইরানের নারী ,পুরুষ সমানতালে অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছেন। দেশটির একেকটি মসজিদ হয়ে উঠেছে প্রশিক্ষণশালা। যার ভিডিও প্রকাশ করেছে খোদ ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

ইরান-যুক্তরাষ্ট্র উভয়ই যুদ্ধের জন্য প্রস্তুত। এমন হুঁশিয়ারিতে দেখা দিয়েছে পারস্পরিক বিশ্বাসের অভাব। ফলে দফায় দফায় আলোচনা করেও সুরাহা হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের। পৌঁছানো যাচ্ছে না স্থায়ী শান্তিচুক্তিতে। হরমুজ প্রণালি নিয়েও আশাবাদী কোন সমাধানে পৌঁছাতে পারছে না দু’পক্ষ। এতে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট আরও তীব্র হচ্ছে।

যুদ্ধের শুরু থেকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে এক পর্যায়ে টানাটানি চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। এবার হরমুজ প্রণালি নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে তেহরান। কিভাবে হরমুজ দিয়ে জাহাজ পার হবে এবং টোল আদায় হবে সে বিষয়েই তাদের এ পরিকল্পনা। তবে এ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে তেহরান প্রশাসন।

আরও পড়ুন:

এরইমধ্যে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ ঘোষণা দেন, নতুন ব্যবস্থার পথে হাঁটছে ইরান। শিগগিরই তা বিশ্ববাসীর সামনে পরিষ্কার হতে যাচ্ছে।

ইরানের ঘুরে দাঁড়ানোর এই হুঁশিয়ারিতে এবার আরও চটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই যদি ওয়াশিংটনের সঙ্গে তেহরান কোন চুক্তিতে না পৌঁছায় তবে ভয়াবহ খারাপ দিন অপেক্ষা করছে তেহরানের জন্য।

ইরান-যুক্তরাষ্ট্র যখন পাল্টাপাল্টি হুমকিতে ব্যস্ত তখন শান্তিচুক্তি নিয়ে ফোনে কথা বলেছেন কাতার ও সৌদি আরব। দোহার পক্ষ থেকে এ বিবৃতিতে জানানো হয়, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছেন।

এদিকে লেবাননে নতুন করে ৪৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা হলেও তা মানছে না ইসরাইলি সেনারা। দেশটির সাধারণ জনগণের ওপর লাগাতার বিমান হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ হিজবুল্লাহর। লেবাননের অর্থমন্ত্রী জানিয়েছে, গেলো মার্চ থেকে ইসরাইলের হামলায় দেশটির ক্ষয়ক্ষতি ২ বিলিয়ন ডলার। যা মোট জিডিপির ৭ শতাংশ।

লেবাননের পাশাপাশি গাজায় চলমান রয়েছে ইসরাইলি আগ্রাসন। দেশটির খান ইউনিসসহ কয়েকটি শহরে হামলা চালিয়েছে আইডিএফ।

ইএ