ইসরাইলি বাহিনীর হাতে অপহৃত ৮৭ ত্রাণকর্মীর অনশন শুরু

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা
বিদেশে এখন
0

গাজাগামী মানবিক সহায়তা নৌবহর থেকে অপহৃত অন্তত ৮৭ জন ত্রাণকর্মী ইসরাইলি কারাগারে অনশন শুরু করেছেন। আন্তর্জাতিক জলসীমায় বহরটির সর্বশেষ নৌকাটি ইসরাইলি বাহিনী জব্দ করার পর এই প্রতিবাদ শুরু হয়। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামক ওই নৌবহরটির আয়োজকেরা আজ (বুধবার, ২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এই তথ্য নিশ্চিত করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আয়োজকেরা জানান, নিজেদের ‘অবৈধ অপহরণের’ প্রতিবাদে এবং ইসরাইলের বিভিন্ন কারাগারে বন্দি ৯ হাজার ৫০০ ফিলিস্তিনির সঙ্গে সংহতি জানিয়ে তারা এই অনশন করছেন। গত মঙ্গলবার রাতে ‘লিনা আল-নাবুলসি’ নামের সর্বশেষ নৌকাটি থেকে ছয়জনকে ধরে নিয়ে যায় ইসরাইলি বাহিনী। গাজার ওপর ইসরাইলি অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে গত সপ্তাহে তুরস্কের মারমারিস বন্দর থেকে ৫০টিরও বেশি নৌকার এই বহরটি যাত্রা শুরু করেছিল।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, নৌবহরের প্রায় ৪৩০ জন কর্মীকে আটক করে ইসরাইলে নিয়ে যাওয়া হয়েছে। তবে দেশটির এক মুখপাত্র এই মানবিক প্রচেষ্টাকে কেবলই একটি ‘সস্তা প্রচার’ হিসেবে অভিহিত করেছেন। আয়োজকদের দাবি, গত সোমবার সাইপ্রাস উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি বাহিনী এই বহরটি অবরোধ করে। এ সময় নৌকায় অভিযান চালিয়ে রাবার বুলেট ছোড়া হয় এবং কর্মীদের অপহরণ করা হয়।

আটককৃতদের মধ্যে ৯ জন ইন্দোনেশীয় নাগরিক রয়েছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট ক্যাথরিন কনোলির বোন চিকিৎসক মার্গারেট কনোলিসহ ১৫ জন আইরিশ নাগরিকও বন্দি রয়েছেন। তুরস্ক, স্পেন, জর্ডান, পাকিস্তান, বাংলাদেশসহ বেশ কিছু দেশ ইসরাইলি এই পদক্ষেপকে ‘আন্তর্জাতিক আইন ও মানবিক আইনের চরম লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে।

অন্যদিকে, গাজায় ত্রাণ পাঠানোর চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজন কর্মীর ওপর উল্টো নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, আয়োজকেরা হামাসের সমর্থনে কাজ করছেন, যদিও এর কোনো প্রমাণ তারা দেয়নি। এর আগেও বিভিন্ন সময় ইসরাইলের হাতে বন্দি হওয়া ত্রাণকর্মীরা প্রতিবাদের ভাষা হিসেবে অনশন বেছে নিয়েছিলেন। গত বছর যুক্তরাজ্যে বন্দি থাকা ফিলিস্তিনপন্থি কর্মীরাও দীর্ঘ সময় অনশন করেছিলেন।

এএম