যুক্তরাষ্ট্রসহ ৯০ দেশের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কাটছাঁট করছে থাইল্যান্ড

ব্যাংকক সিটি
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ ৯০টির বেশি দেশের পর্যটকদের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কাটছাঁট করছে থাইল্যান্ড। অন-অ্যারাইভাল ভিসার মেয়াদ ৬০ দিন থেকে কমিয়ে ৩০ দিন করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। কিছু দেশের ক্ষেত্রে তা হবে ১৫ দিনের। শিগগিরই এই নিয়ম চালু করতে যাচ্ছে ব্যাংকক। ভিসার অপব্যবহার ঠেকাতে কঠোর এই পদক্ষেপ নিয়েছে থাই সরকার।

এশিয়ার অন্যতম সেরা অবকাশ যাপনের স্থান থাইল্যান্ড। দেশটির অর্থনীতিতে পর্যটন খাতের অবদান ১০ শতাংশের বেশি। তবে ইরান যুদ্ধের প্রভাবে গেল ৩ মাসে ভাটা পড়েছে দেশটিতে আসা পর্যটকদের সংখ্যায়। চলতি বছরে দেশটিতে প্রায় সাড়ে ৩ কোটি বিদেশি পর্যটক আসার লক্ষ্য নিয়েছে থাই সরকার।

তবে এমন লক্ষ্যমাত্রার মধ্যে পর্যটকদের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করলো থাইল্যান্ড। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ৯০টি দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত সুবিধার সময়সীমা কমানো হয়েছে। ভিসামুক্ত ভ্রমণের সুবিধা ৬০ দিন থেকে কমিয়ে করা হয়েছে ৩০ দিন। অর্থাৎ এক মাসের বেশি সময় দেশটিতে অবস্থান করতে হলে নতুন করে ভিসার আবেদন করতে হবে পর্যটকদের।

সম্প্রতি থাইল্যান্ডের মন্ত্রীসভায় এই আদেশটি অনুমোদন হয়। নতুন ভিসা ব্যবস্থাটি গেজেটে আকারে প্রকাশিত হওয়ার ১৫ দিন পর কার্যকর হবে। তবে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেনি। থাই সরকারের দাবি, সুনির্দিষ্ট কোনো দেশের নাগরিকদের লক্ষ্য করে নয় বরং ভিসার অপব্যবহার ঠেকাতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

আরও পড়ুন:

পর্যটনের নামে থাইল্যান্ডে এসে অনেক বিদেশি নাগরিক নানা ধরনের অপরাধমূলক কাজে জড়াচ্ছে। এতে দেশটিতে বাড়ছে নিরাপত্তাজনিত উদ্বেগ। মাদক ও মানব পাচারসহ হোটেল ব্যবসায় জড়ানোর অভিযোগও উঠেছে অনেকে বিরুদ্ধে।

সম্প্রতি, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে অনলাইন জুয়া, মাদক ও যৌন পাচারের মামলায় বেশ কয়েকজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে বেশ কয়েকজন ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে মাদক পাচারসহ অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে।

করোনা মহামারির পর অর্থনীতিকে চাঙ্গা করতে ২০২৪ সালে ৯৩টি দেশের পর্যটকদের জন্য ৬০ দিন পর্যন্ত ভিসামুক্ত সুবিধা চালু করেছিল থাইল্যান্ড।

ইএ