লেবানন, সিরিয়া ও গাজা থেকে সরবে না ইসরাইল; সাফ জানালেন কাটজ

ইসরায়েল কাটজ
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্র যখন ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তির দিকে এগোচ্ছে, তখন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ সাফ জানিয়ে দিয়েছেন যে, তার দেশ লেবানন, সিরিয়া ও গাজার নিরাপত্তা অঞ্চলগুলো থেকে পিছু হটবে না। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে তিনি এই কড়া অবস্থান ব্যক্ত করেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কাটজ বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইল মিলে ইরানের ওপর ‘‘চরম আঘাত’’ হেনেছে, যা তেহরানের সক্ষমতাকে অনেক বছর পিছিয়ে দিয়েছে। তবে ইসরাইল এখানেই থেমে থাকবে না। তার মতে, ভবিষ্যৎ নিশ্চিত করতে ইসরাইলকে এমন সক্ষমতা অর্জন করতে হবে যাতে তারা ‘ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে রুখতে স্বাধীনভাবে পদক্ষেপ নিতে পারে’।

৭ অক্টোবরের ঘটনা থেকে মূল শিক্ষা টেনে তিনি বলেন, ‘লেবানন, সিরিয়া ও গাজার নিরাপত্তা বলয় থেকে ইসরাইল সরবে না। মাউন্ট হারমন, লেবাননের পাহাড় থেকে শুরু করে অধিকৃত পশ্চিম তীর ও গাজার অধিকাংশ এলাকায় আমাদের সেনাবাহিনী সীমানা পাহারা দিয়ে যাবে।’ তিনি আরও যোগ করেন, জিহাদি বাহিনী ও সংগঠনগুলোর হাত থেকে নাগরিকদের রক্ষা করতে সেনাবাহিনী তাদের তৎপরতা চালিয়ে যাবে।

ইসরাইলের প্রতিরক্ষা নীতি ‘সুস্পষ্ট ও স্বচ্ছ’ উল্লেখ করে কাটজ বলেন, ইসরাইল যেকোনো ‘নিকট ও দূরবর্তী হুমকির’ বিরুদ্ধে ব্যবস্থা নেয়। তাদের লক্ষ্য কোনো ‘আপস বা ছাড়’ নয়, বরং সুনির্দিষ্ট ফলাফল অর্জন করা। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিতে ইসরাইলের স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে—এমন আশঙ্কার মধ্যেই এই কঠোর হুঁশিয়ারি দিলেন তিনি।

এএম