কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা; নিহত ১, আহত ১৩

রাশিয়ার হামলার পর ক্ষতিগ্রস্ত স্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মানুষ
বিদেশে এখন
0

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের অঞ্চলে রোববার ভোরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। হামলার পর শহরের বিভিন্ন স্থানে আগুন ধরে যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাতে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণে কিয়েভ কেঁপে ওঠে। এর আগে ইউক্রেনের বিমানবাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করেছিল। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো টেলিগ্রামে জানান, হামলায় একটি ছাত্রাবাস, একটি আবাসিক ভবন ও একটি সুপারমার্কেটে আগুন ধরে যায়। এছাড়া বেশ কিছু অনাবাসিক ভবন ও গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি এলাকায় পার্ক করা গাড়ি ও অফিস ভবনেও আগুন ছড়িয়ে পড়ে।

এক আবাসিক এলাকায় দেখা গেছে, কর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। ভ্লাদ নামের এক স্থানীয় বাসিন্দা জানান, বিস্ফোরণের সময় তিনি তার অ্যাপার্টমেন্টেই ছিলেন। বিস্ফোরণের ধাক্কায় বারান্দার দরজা তার মাথায় এসে পড়ে। তিনি বলেন, ‘আমার দাদি আমার সঙ্গেই থাকেন, তিনি হাঁটতে পারেন না। তাকে ফেলে আমি কীভাবে পালাবো?’

ইউক্রেনের জরুরি সেবা বিভাগ শহরের তিনটি জেলায় উদ্ধারকর্মী পাঠিয়েছে। সামরিক প্রশাসনের তথ্য অনুযায়ী, কিয়েভ অঞ্চলে আরও দুজন আহত হয়েছেন এবং সেখানেও কিছু গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া কিয়েভসহ অন্য শহরগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। অন্যদিকে এসব হামলা ঠেকানোর জন্য প্রয়োজনীয় মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সংকটে ভুগছে ইউক্রেন।

এএম