ইরানে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করলো যুক্তরাষ্ট্র, হুথিদের বিরুদ্ধে ট্রাম্পের হুমকি

মার্কিন সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, ইরানে সর্বশেষ দফার হামলার পর ধোঁয়ার কুণ্ডলী উঠছে
বিদেশে এখন
0

সংঘাত বন্ধের সম্ভাবনাকে ম্লান করে দিয়ে ইরানজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার করলো যুক্তরাষ্ট্র। তেহরান ও হুথিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও একইসঙ্গে সংঘাত বন্ধে ইরানের সঙ্গে সমঝোতার জন্য আবারও কূটনৈতিক আলোচনার পথ খুলে দেয়ারও দাবি করেছেন তিনি। অন্যদিকে, কুয়েত-বাহরাইন-জর্ডান ও ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। ইয়েমেনের হুদাইদায় সৌদি হামলার প্রতিশোধ নেয়ার হুমকি হুথিদের।

কখনও যুদ্ধংদেহী মনোভাব, কখনও শান্তির বার্তা- চলমান ইরান সংঘাতে প্রতি মুহূর্তে ভোল পাল্টাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে কঠোর আঘাত হানার প্রতিশ্রুতি দিলেও, শুক্রবারও দেশটির বিভিন্ন অংশে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র।

যদিও, এর আগে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আলোচনা চলছে। একারণে প্রস্তুত থাকলেও দেশটি কঠোর আঘাত হানার কোনো প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান সংঘাত সমাধানের দুটি উপায় আছে। আমরা সামরিক পন্থা অবলম্বনের মাধ্যমে ইরানের সব অবকাঠামো গুঁড়িয়ে দিতে পারি। কিন্তু সংঘাত সমাধানের আরেকটি উপায় আছে। সেটা হলো আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো। যেটি আমরা চালিয়ে যাচ্ছি। আমার মনে হয়, ইরান কঠোর মনোভাব দেখালেও, তারাও কূটনৈতিক সমাধান প্রত্যাশা করে।

তবে দমে যেতে রাজি নয় ইরান। নতুন দফায় বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে আইআরজিসি। তেহরানের হামলা প্রতিহতের দাবি করেছে বাহরাইন। এদিকে, মার্কিন ঘাঁটি ইস্যুতে পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের তিক্ত সম্পর্কের মাঝেই শুক্রবার চাঞ্চল্যকর খবর জানালো ওয়াল স্ট্রিট জার্নাল। গণমাধ্যমটি বলছে, গেল জুলাইয়ে যুদ্ধ শুরুর পর প্রথম সামরিক পদক্ষেপ হিসেবে গোপনে ইরানের অভ্যন্তরে যুদ্ধবিমান পাঠায় বাহরাইন- কুয়েত।

এদিকে, কোনো চাপ বা হুমকির কাছে ইরান মাথা নত করবে না বলে ফের দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এছাড়াও, হরমুজ সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র কোনো সদিচ্ছা দেখাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, হরমুজ প্রণালিতে তেহরান- নির্ধারিত পথের পরিবর্তে বাণিজ্যিক জাহাজগুলোকে নতুন রুটে চলতে বাধ্য করছে ওয়াশিংটন।

অন্যদিকে, শুক্রবার হুথিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে দক্ষিণ সৌদি আরবের জিজানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। সৌদি ভূখণ্ড লক্ষ্য করে আরও কঠোর আঘাত হানার হুঁশিয়ারও দিয়েছে হুথিরা।

ইএ