ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধে এখন আটকে আছে হরমুজ প্রাণলি সচল হওয়ার ওপর। একদিকে এই জলপথ সচলে বার বার আশ্বাস দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। অন্যদিকে, ওমানের সঙ্গে সমঝোতা করে হরমুজ সচলে পদক্ষেপ নেয়ার দাবি করছে তেহরান।
এ বিষয়ে ইরান ও ওমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে বিষয়টি চূড়ান্ত হতে আরও কয়েকদিন সময় প্রয়োজন বলে জানান তিনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, স্বল্প সময়ের মধ্যে যুদ্ধজাহাজগুলো কিভাবে নিরাপদে হরমুজ প্রণালি দিয়ে যেতে পারবে সেসব বিষয়ে ওমান ও ইরানের মধ্যে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রও এই আলোচনায় আছে। আমি এটুকু বলতে চাই আলোচনায় অগ্রগতি হয়েছে কিন্তু এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। আমরা আশা করছি, খুব শিগগিরই তা ঘটবে
এদিকে, ট্রাম্প আবার হুঁশিয়ারি জানিয়ে বলেন, শিগগিরই হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর কঠোর আঘাত করবে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজকে দেয়া সাক্ষাতকারে তিনি আরও বলেন, যুদ্ধ বন্ধে ইরান একটি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে দেয়া হবে। আর তা না হলে ইরানে ব্যাপক হামলা চালানো হবে। যুক্তরাষ্ট্র এক ভয়াবহ আক্রমণে যাবে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা। তবে দুই পক্ষই ইতিবাচকভাবে আলোচনা করছে
অবশ্য এর আগে, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও বলছেন, আগামী বুধবারের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেয়ার জন্য ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পারে ওয়াশিংটন। এছাড়া, নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা এক্সিওস বলছে গুরুত্বপূর্ণ এই প্রণালি ইস্যুতে একটি অন্তর্বর্তীকালীন চুক্তির কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র, ইরান ও ওমান। বুধবারের মধ্যেই এ বিষয়ক ঘোষণার পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের। প্রতিবেদন অনুসারে, প্রস্তাবিত ৬০-দিনের এই ব্যবস্থা অনুযায়ী, ইরানের সাথে সমন্বয়ের মাধ্যমে আগত বাণিজ্যিক জাহাজগুলোকে তেহরানের জলসীমা দিয়ে এবং বহির্গামী জাহাজগুলোকে ওমানের জলসীমা দিয়ে পাঠানো হবে। আর এই অন্তর্বর্তীকালীন সময়ে কোনো টোল বা ট্রানজিট ফি আরোপ করা হবে না।
এদিকে হরমুজ প্রণালি পুনরায় খুলে যাওয়াার আশায় বিশ্ব বাজারে কমেছে তেলের দাম। বৈশ্বিক বাজারের অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমে এসেছে। যা গেল ৩ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।





