ট্রাম্পের ‘নাটকীয় কূটনীতি’ সফল হবে না; কড়া জবাব গালিবাফের

মোহাম্মদ বাঘের গালিবাফ
বিদেশে এখন
0

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আলোচনার প্রস্তাব ও হামলার হুমকিকে ‘নাটকীয় কূটনীতি’ বলে অভিহিত করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। ট্রাম্প বারবার ইরানে হামলার নির্দেশ দিয়ে আবার তা বাতিলের যে দাবি করছেন, তাকে গালিবাফ একটি পুরনো চক্র বা ‘লুপ’-এর সঙ্গে তুলনা করেছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে গালিবাফ বলেন, ‘বিশাল হামলা আসছে... আবার বলা হচ্ছে থাক, তারা তো আলোচনা করতে চায়—এটাই হল লুপে চলতে থাকা নাটকীয় কূটনীতি।’ তিনি আরও বলেন, গায়ের জোর খাটানো, প্রতিশ্রুতি ভঙ্গ এবং ‘ভুয়া খবর’ ছড়িয়ে সুবিধা নেয়ার এই কৌশল আসলে একটি ব্যর্থ কৌশল। তিনি যুক্তরাষ্ট্রকে বাস্তবতা স্বীকার করে নিজেদের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানান।

গত শনিবার ডোনাল্ড ট্রাম্প ইরানে একটি বড় ধরনের সামরিক হামলা বাতিলের ঘোষণা দিয়ে দাবি করেন, তেহরান ও আঞ্চলিক দেশগুলো তাকে হামলা না করার অনুরোধ জানিয়েছে। ট্রাম্পের দাবি অনুযায়ী, একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে দুপক্ষ, যার মাধ্যমে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেয়া হবে এবং ‘ইরানের পারমাণবিক হুমকি’ শেষ হবে।

বর্তমানে হরমুজ প্রণালি পুনরায় সচল করতে ওমানের সঙ্গে আলোচনা চালাচ্ছে ইরান। তেহরানের দাবি, জলপথটি ব্যবহারের রুট বা স্থানাঙ্ক নিয়ে দুই দেশ একমত হয়েছে এবং চুক্তিটি চূড়ান্ত হওয়ার পথে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর তেহরান এই কৌশলগত জলপথটি বন্ধ করে দেয়। ইরানের দাবি, এখন এই প্রণালির ওপর তাদের পূর্ণ সার্বভৌমত্ব রয়েছে।

ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এই যুদ্ধ খুব দ্রুতই শেষ হতে যাচ্ছে এবং এরপরই পেট্রোলের দাম কমবে। তিনি দাবি করেন, তিনি নিজেই তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন। তবে ট্রাম্প বারবার যুদ্ধের সমাপ্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও ইরানি কর্মকর্তারা সাফ জানিয়েছেন, তারা দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত।

এএম