শনিবার জেলেনস্কি বলেন, রাজধানীর কাছের কিয়েভ অঞ্চলের একটি গ্রামে ড্রোন হামলায় ওই শিশু ও তার দাদা-দাদি নিহত হন। পুহিভকা গ্রামে একটি বাড়িতে আগুন ধরে যায়। এতে শিশুটির বাবা-মা, ১৫ বছর বয়সী ভাই ও এক প্রতিবেশী আহত হয়েছেন।
কিয়েভের আঞ্চলিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো বলেন, রাজধানীর কাছে ব্রোভারস্কি জেলায় তিনটি স্থানে রুশ হামলা হয়েছে। এতে ১০টি ব্যক্তিগত বাড়ি, বাণিজ্যিক ও উৎপাদন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া রাতে ইউক্রেনে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৫১টি ড্রোন ছুড়েছে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৩৫টি ড্রোন ভূপাতিত করেছে। তবে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারেনি।
কিয়েভের তিনটি জেলায় আগুন লাগার খবর পাওয়া গেছে। বাণিজ্যিক স্থাপনা ও গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের কেন্দ্র কেঁপে ওঠার মতো কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জেলেনস্কি বলেন, রাশিয়ার হামলা বন্ধে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও ইউক্রেন দীর্ঘদিন ধরে চেষ্টা করছে। তাঁর ভাষ্য, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ চালিয়ে যেতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ওপর নির্ভর করছেন। এ জন্য রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি।
ইউক্রেনের সামরিক বাহিনী আরও জানিয়েছে, রাতে রাশিয়ার ইলস্কি ও সিজরান তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে। এতে দুটি স্থাপনাতেই আগুন লাগে। অন্যদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় পাঁচজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। রাশিয়া ও ইউক্রেন—দুই দেশই বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে।
কিয়েভের আকাশ প্রতিরক্ষায় ঘাটতি
ইউক্রেন দীর্ঘদিন ধরে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ঘাটতিতে ভুগছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুলাইয়ে রাশিয়ার ছোড়া ১৯৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে মাত্র ২৯টি প্রতিহত করা সম্ভব হয়েছে। জেলেনস্কি বর্তমানে সার্বিয়ায় রয়েছেন। ইউক্রেনের মতো সার্বিয়াও ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়ার চেষ্টা করছে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী ইউক্রেনের খারকিভ অঞ্চলের ইভানিভকা নিয়ন্ত্রণে নিয়েছে। তবে রয়টার্স স্বাধীনভাবে এ দাবি যাচাই করতে পারেনি। এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।





