জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার গ্রিনিচ সময় ভোর ৪টা ২০ মিনিট পর্যন্ত হিসাবে দুটি খালি তেলবাহী ট্যাংকারসহ চারটি পণ্যবাহী জাহাজ ওই জলপথে প্রবেশ করেছে। অন্যদিকে, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বহনকারী একটি ছোট ট্যাংকার এবং জ্বালানি বহনকারী আরেকটি জাহাজ প্রণালি থেকে বেরিয়ে গেছে। যুদ্ধ শুরুর আগে প্রতিদিন এই পথ দিয়ে সাধারণত ১৩০ থেকে ১৪০টি জাহাজ যাতায়াত করত।
তবে লোহিত সাগরের বাব-এল-মান্দেব প্রণালির চিত্র কিছুটা ভিন্ন। সোমবার সেখান দিয়ে ২৫টি জাহাজ যাতায়াত করেছে, যা গত ১০ দিনের গড় ২৪টি জাহাজের কাছাকাছি।
এদিকে সোমবার তেহরানের দেয়া শান্তি চুক্তির শর্তের পাল্টা জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব দাবি সামনে এনেছেন। তিনি চান, বিভিন্ন যুদ্ধ, হামলা ও বিক্ষোভে নিহতদের জন্য ইরান ক্ষতিপূরণ দিক। ইরান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ক্ষতিপূরণের যে দাবি জানিয়েছে, তা মূলত গত জুনে স্বাক্ষরিত প্রাথমিক শান্তি চুক্তির শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে সেই চুক্তি ইতোমধ্যেই ভেস্তে গেছে। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে ট্রাম্প বারবার হুমকি ও শান্তি আলোচনার মধ্যে দোদুল্যমান অবস্থান নিয়েছেন।





