রুশ সম্প্রচারমাধ্যম ভিজিটিআরকে-কে দেয়া এক সাক্ষাৎকারে ইউরি উশাকভ বলেন, ‘নেতারা যদি একই অনুষ্ঠানে উপস্থিত থাকেন, তবে আমার মনে হয় তাদের দেখা হওয়া এবং কথা বলা অনিবার্য।’
উশাকভ অবশ্য উল্লেখ করেন, এ ধরনের বৈঠকের ব্যাপারে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সংকেত বা পরিকল্পনা পাওয়া যায়নি। তবে অ্যাপেক সম্মেলন অনুষ্ঠিত হতে এখনো প্রায় তিন মাস বাকি রয়েছে। তিনি বলেন, ‘আমাদের সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে আমাদের সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজন রয়েছে।’
অন্যদিকে একই রুশ সংবাদমাধ্যমকে দেয়া পৃথক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান এবং মস্কোবিরোধী নীতি অনুসরণের অবস্থান থেকে ন্যাটো ও ইইউভুক্ত দেশগুলো প্রকাশ্যে নিজেদের গুটিয়ে নিতে পারবে না।
যুক্তরাজ্য, ব্রাসেলস, প্যারিস, বার্লিন এবং ন্যাটো ও ইইউভুক্ত অন্যান্য দেশে অবস্থানরত রাশিয়াবিরোধী অভিজাত শ্রেণির কর্মকাণ্ড রাশিয়া সতর্কভাবে বিবেচনায় রাখছে বলে উল্লেখ করেন ল্যাভরভ। তিনি বলেন, ‘তারা কী করছে তা তারা নিজেরা ভালো করেই জানে এবং আগেভাগেই প্রকাশ্যে এসব থেকে নিজেদের দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু এটি সফল হবে না।’





